স্বাস্থ্য পুষ্টি

ফল খাওয়ার উপযুক্ত সময় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

ছবি: সংগৃহীত

ফল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি অপরিহার্য অংশ। তবে এটি কখন খাওয়া সবচেয়ে ভালো—খালি পেটে, খাবারের আগে, নাকি খাবারের পরে—এ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা মত প্রচলিত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়িয়ে পড়ে। তবে পুষ্টিবিজ্ঞান বলছে, ফল খাওয়ার সময়ের চেয়ে নিয়মিত পর্যাপ্ত ফল খাওয়াই বেশি গুরুত্বপূর্ণ।

অনেকের ধারণা, খাবারের পর ফল খেলে তা পাকস্থলীতে দীর্ঘক্ষণ থেকে যায়, পচে যায় এবং গ্যাস বা হজমের সমস্যা সৃষ্টি করে। কিন্তু পুষ্টিবিদদের মতে, এ ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের পাকস্থলী একসঙ্গে প্রোটিন, চর্বি, শর্করা ও ফলজাত খাবার হজম করার সক্ষমতা রাখে। ফলে খাবারের সঙ্গে বা পরে ফল খেলে তা পেটে পচে যায় না এবং পুষ্টি শোষণেও কোনো বাধা সৃষ্টি হয় না।

তবে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য খাবারের আগে ফল খাওয়া উপকারী হতে পারে। ফলে থাকা প্রচুর ফাইবার ও পানি দ্রুত পেট ভরার অনুভূতি তৈরি করে। এর ফলে মূল খাবারের সময় তুলনামূলক কম ক্যালরি গ্রহণ করা সম্ভব হয়। এছাড়া ফাইবার ধীরে হজম হওয়ায় দীর্ঘ সময় তৃপ্তি বজায় থাকে।

ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রে ফল খাওয়ার সময় কিছুটা গুরুত্ব পেতে পারে। ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, কম গ্লাইসেমিক ইনডেক্স (জিআই)যুক্ত ফল দিনের যেকোনো সময় খাওয়া নিরাপদ। তবে মাঝারি বা উচ্চ গ্লাইসেমিক ইনডেক্সযুক্ত ফল মূল খাবারের পরে খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে কিছুটা সহায়ক হতে পারে। যদিও এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

অন্যদিকে, যাদের ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) বা নির্দিষ্ট ধরনের শর্করার প্রতি সংবেদনশীলতা রয়েছে, তারা ফল খাওয়ার পর পেট ফাঁপা বা অস্বস্তি অনুভব করতে পারেন। তবে এ সমস্যা সাধারণত ফল খাওয়ার সময়ের কারণে নয়; বরং ফলের ধরন, পরিমাণ এবং ব্যক্তিভেদে শারীরিক প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে।

পুষ্টিবিদরা ফল একা না খেয়ে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বির সঙ্গে খাওয়ার পরামর্শ দেন। যেমন—আপেলের সঙ্গে পিনাট বাটার বা টক দইয়ের সঙ্গে বেরি খাওয়া যেতে পারে। এতে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং রক্তে শর্করার হঠাৎ বৃদ্ধি হওয়ার ঝুঁকিও কমে।

বিশেষজ্ঞদের মতে, ফল খাওয়ার নির্দিষ্ট কোনো ‘পারফেক্ট’ সময় নেই। আপনি কখন ফল খাচ্ছেন, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গোটা ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলা। যদি খাবারের আগে ফল খেলে আপনার ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে এবং ওজন কমাতে সুবিধা হয়, তবে সেটিই আপনার জন্য উপযুক্ত সময়। আবার খাবারের পরে ফল খেয়ে যদি কোনো অস্বস্তি না হয়, তাতেও সমস্যা নেই। তাই ঘড়ির কাঁটা নয়, নিজের শরীরের চাহিদা ও স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিয়েই ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে ভালো। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ভোরের আকাশ/সু.পা

ফল খাওয়ার উপযুক্ত সময় নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ | স্বাস্থ্য কথা