স্বাস্থ্য সেবা

গ্রামীণ স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে চলতি বছর থেকেই সরকার কার্যক্রম জোরদার করেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার এবং এ লক্ষ্যে বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত 'বাংলাদেশে স্বাস্থ্যখাতে উদ্যোক্তা হওয়ার পথ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন অর্থবছরের বাজেট কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই এ কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগের অগ্রগতি প্রধানমন্ত্রী নিজেই পর্যবেক্ষণ করছেন।

দেশীয় ওষুধ শিল্পের সক্ষমতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে উৎপাদিত ওষুধ আন্তর্জাতিক মানসম্পন্ন। এসব ওষুধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে এবং বিদেশের রোগীরাও সেগুলো ব্যবহার করে সন্তুষ্টি প্রকাশ করছেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, স্বাস্থ্য খাতে বেসরকারি উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে সরকার নানা ধরনের প্রণোদনা ও সুযোগ-সুবিধা দিচ্ছে। বিশেষ করে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতে বিনিয়োগ উৎসাহিত করতে চলতি বাজেটে বিভিন্ন সহায়তামূলক ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, দেশে দক্ষ উদ্যোক্তার অভাব নেই। উপযুক্ত নীতিমালা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে বাংলাদেশের উদ্যোক্তারাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সক্ষমতার প্রমাণ রাখতে পারবেন।

অর্থমন্ত্রী আরও বলেন, জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভোরের আকাশ/সু.পা

গ্রামীণ স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা