স্বাস্থ্য প্রশাসন

হাম মোকাবিলায় টিকাই সবচেয়ে বড় চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

হাম মোকাবিলায় টিকাই সবচেয়ে বড় চিকিৎসা নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “আমরা হামের টিকা দিচ্ছি। টিকার বাইরে কোনো চিকিৎসা নেই। আমরা খুঁজে খুঁজে টিকা দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও স্বীকার করেছে আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। টিকা নেয়নি এমন শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম এখনো চলমান রয়েছে।”

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। যেসব এলাকায় টিকা দেওয়া হয়নি, সেসব এলাকার শিশুদের ডেকে এনে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে, সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। অনেক ভুল তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, “হাম মোকাবিলায় আমাদের কোনো ঘাটতি নেই। আইসিইউ প্রস্তুত রয়েছে এবং চিকিৎসকেরা কাজ করছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সবার সহযোগিতা প্রয়োজন।”

হামের টিকার সংকট নিয়ে তদন্ত হবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্ত না করার কথা তিনি বলেননি। সংকট চলমান থাকায় এখন মনোযোগ টিকা ও চিকিৎসা কার্যক্রমে রাখা হয়েছে। সংকট শেষ হলে সরকার এ বিষয়ে কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নেবে।

ডেঙ্গু প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডেঙ্গুর কোনো টিকা নেই। সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। ডেঙ্গু চিকিৎসার জন্য মোবাইল হাসপাতালের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে রোগীর চাপ বাড়লেও কেউ চিকিৎসার বাইরে না থাকে।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে তিন লাখ আশি হাজার ডোজ পোলিও টিকা অনুদান হিসেবে প্রদান করেছে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক ফাউন্ডেশন। এ সময় চীনা দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

হাম মোকাবিলায় টিকাই সবচেয়ে বড় চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী | স্বাস্থ্য কথা