হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত
দেশে ভাইরাসজনিত রোগ হামের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এবং এর উপসর্গ নিয়ে মোট ৯ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে, আর বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের সন্দেহজনক উপসর্গে। বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত সারাদেশে নতুন করে ১ হাজার ১০৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৮৭ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৯ জন শিশুর মধ্যে ৩ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। বাকি ৬ জন উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মৃত্যুবরণ করেছে।
পরিসংখ্যান বলছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। জেলা পর্যায়ে সিলেট জেলা বর্তমানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই হামের প্রকোপে এখন পর্যন্ত সারাদেশে সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে ৭ হাজার ২৪ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে মোট ৩৬ হাজার ৮৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ৩২ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত সময়কালে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত রোগী ও সন্দেহভাজন মিলিয়ে মোট ৪২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৮ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে, আর ৩৫৬ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনকভাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতর হামের লক্ষণ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের আহ্বান জানিয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞরা শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
ভোরের আকাশ/সু.পা



