হামে শিশু মৃত্যু তদন্ত ও পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
দেশে হাম ও হামের উপসর্গে সাড়ে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনায় দায় কার—এ প্রশ্নে বিষয়টি ‘পর্যালোচনা’ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এ বিষয়টি উত্থাপিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে সাড়ে ছয় শতাধিক মৃত্যু হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। সংসদে এই তথ্য তুলে ধরে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল জানতে চান, এই মৃত্যুর দায় কার এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে সরকার কী পদক্ষেপ নিয়েছে।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, টিকা সংগ্রহ পদ্ধতিতে কোনো পরিবর্তনের ফলে টিকাদান কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব পড়েছে কি না, তা প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।
তিনি আরও বলেন, পর্যালোচনায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধানমন্ত্রী জানান, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে টিকা সরবরাহ ব্যবস্থার ধারাবাহিকতা, মজুদ ব্যবস্থাপনা, রোগ নজরদারি, দ্রুত প্রাদুর্ভাব শনাক্তকরণ এবং প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া দেশে হামের টিকাদানের আওতা বাড়াতে এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সুরক্ষার আওতায় আনতে বিশেষ টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভোরের আকাশ/সু.পা



