স্বাস্থ্য প্রশাসন

প্রতিদিন প্রাণ হারাচ্ছে ৭০ শিশু

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি জানালেন বিশেষজ্ঞরা

ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ থাকলেও শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন, হামের তুলনায় নিউমোনিয়ায় অনেক বেশি শিশু মারা যাচ্ছে। তাদের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় প্রাণ হারায়, যা দিনে গড়ে ৬০ থেকে ৭০ জনের মৃত্যু নির্দেশ করে।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শহীদ আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন শিশু রোগ বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, বর্তমানে দেশে হাম ছড়িয়ে পড়লেও আক্রান্ত শিশুদের প্রায় ৯৫ শতাংশ সুস্থ হয়ে উঠছে। টিকাদান কর্মসূচির মাধ্যমে দেশের প্রায় ৯৫ শতাংশ শিশু এর আওতায় এসেছে বলেও তারা জানান। তাদের মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে হামে শিশুমৃত্যুর হার শূন্য দশমিক ৮ শতাংশের মতো।

অধ্যাপক জিয়াউল হক বলেন, সফল টিকাদান কর্মসূচির ফলে একসময় হামের প্রকোপ অনেক কমে গিয়েছিল। তবে গত দুই বছরে টিকাদান কার্যক্রমে কিছুটা বিঘ্ন ঘটায় চলতি বছরের মার্চ থেকে সংক্রমণ বাড়তে শুরু করেছে।

তিনি জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ মে পর্যন্ত দুই মাসে ৫৪ হাজারের বেশি মানুষ হামে বা হাম সদৃশ উপসর্গে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৭০ জনের মৃত্যু হয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, শিশু মৃত্যুর সবচেয়ে বড় কারণ এখনো নিউমোনিয়া। তারা বলেন, হামের চেয়ে অনেক বেশি শিশু নীরবে নিউমোনিয়ায় মারা যাচ্ছে।

অধ্যাপক আবিদ হোসেন মোল্লা বলেন, হামে আক্রান্ত শিশুকে দ্রুত হাসপাতালে নেওয়া জরুরি। দেরি হলে জটিলতা বাড়ে এবং শিশুর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে নিউমোনিয়া ও ডায়রিয়ার মতো রোগের ঝুঁকি বেড়ে যায়।

তিনি আরও জানান, হামে আক্রান্ত রোগীদের একটি ছোট অংশে মস্তিষ্কে জটিলতা দেখা দিতে পারে, তবে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশই সুস্থ হয়ে ওঠে।

অন্যদিকে অধ্যাপক রুহুল আমিন বলেন, দেশে মাতৃদুগ্ধ পান করানোর হার কমে ৫৬ শতাংশে নেমে এসেছে, যা শিশুদের রোগপ্রবণতা বাড়াচ্ছে। পাশাপাশি প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরতা শিশুদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম সারওয়ার, অধ্যাপক আসিফ মোস্তফা এবং অধ্যাপক আনোয়ারুল কিবরিয়াসহ অন্যান্য বিশেষজ্ঞরা।

ভোরের আকাশ/সু.পা

হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি জানালেন বিশেষজ্ঞরা | স্বাস্থ্য কথা