কাঁচা বুটের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা

ছবি: সংগৃহীত
রমজান মাসে ইফতারের জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম হলো ছোলা বা বুট। আমাদের দেশে ছোলার ডাল নানাভাবে খাওয়া হয়—কাঁচা, রান্না করে, মুড়ির সঙ্গে কিংবা ডাল হিসেবে। বাজারে ভাজা ছোলাও পাওয়া যায়। তবে পুষ্টিগুণের দিক থেকে কাঁচা ছোলা সবচেয়ে উপকারী বলে মনে করা হয়।
পানিতে ভিজিয়ে খোসা ছাড়ানো কাঁচা ছোলায় অল্প পরিমাণ আদা কুচি যোগ করে খেলে এটি শরীরের জন্য প্রচুর পুষ্টি জোগায়। রান্না ছোলায় তেল ও মসলা ব্যবহার করা হয় বলে এতে অতিরিক্ত চর্বি (ফ্যাট) থাকে। তাই যাদের ওজন বেশি বা উচ্চ রক্তচাপের সমস্যা আছে, তাদের জন্য কাঁচা ছোলা তুলনামূলকভাবে নিরাপদ।
ডায়াবেটিস রোগীরা নির্দিষ্ট পরিমাণে রান্না ছোলা খেতে পারেন। তবে যারা খোসাসহ ছোলা হজম করতে পারেন না, তাদের জন্য কাঁচা ছোলা উপকারী বিকল্প হতে পারে। ছোলায় রয়েছে উচ্চমাত্রার প্রোটিন, যা শরীরকে শক্তিশালী করে এবং হাড় মজবুত রাখতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা রাখে। পাশাপাশি ছোলায় থাকা পটাশিয়াম হৃদযন্ত্রের কার্যকারিতা ঠিক রাখতে সহায়তা করে।
তবে কিডনি রোগীরা (যেমন ডায়ালাইসিসে থাকা বা যাদের রক্তে ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড বা ইউরিয়ার মাত্রা বেশি) চিকিৎসকের পরামর্শ ছাড়া ছোলা খাওয়া উচিত নয়। কারণ ডালে থাকা পটাশিয়াম রক্তে অতিরিক্ত মাত্রায় বেড়ে সমস্যা সৃষ্টি করতে পারে। উচ্চ রক্তচাপের রোগীদেরও ছোলা সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে বাড়ন্ত শিশুদের জন্য ছোলা দাঁত, হাড়, নখ, চুল ও ত্বকের গঠনে উপকারী হলেও তাদের হজম ক্ষমতা কম হওয়ায় সিদ্ধ ছোলা বেশি উপযোগী।
গর্ভবতী নারীদের জন্য ছোলা উপকারী, কারণ এতে থাকা আমিষ শিশুর গঠনে সাহায্য করে। তবে যেসব গর্ভবতী নারী উচ্চ রক্তচাপ বা কিডনির সমস্যায় ভুগছেন, তাদের চিকিৎসকের পরামর্শ ছাড়া ছোলা না খাওয়াই ভালো।
অতিরিক্ত ছোলা খাওয়াও ক্ষতিকর হতে পারে, বিশেষ করে যাদের ওজন বেশি। এমন ক্ষেত্রে ছোলার পরিবর্তে ফল ও সালাদ বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ছোলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে বলে ধারণা করা হলেও, এটি সরাসরি করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি।
ভোরের আকাশ/সু.পা



