কুর্মিটোলা হাসপাতালে আধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন

ছবি: সংগৃহীত
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৫০ শয্যার একটি আধুনিক আইসিইউ ইউনিট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) এই ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে হাসপাতালে প্যাথলজি প্যাভিলিয়ন এবং গ্যাস্ট্রোলিভার সেন্টারও চালু করা হয়।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত “স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন” শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি আরও বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা বস্তির বাসিন্দাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে এবং সব প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে একটি মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যেখানে ব্যয়বহুল চিকিৎসাসেবাও বিনামূল্যে প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে এটিকে একটি মাল্টি-কেয়ার হাসপাতালে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, শুধু একটি নির্বাচনি এলাকা নয়, সারাদেশে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়া অনুষ্ঠানে বিএনপির ঢাকা-১৭ নির্বাচনি পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অন্যান্যরা কড়াইল, সাততলা ও ভাসানটেক এলাকার উন্নয়ন অগ্রগতির বিষয়েও মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও হাসপাতাল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই উদ্যোগকে ঢাকা-১৭ আসনের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যার লক্ষ্য আধুনিক ও সমতাভিত্তিক স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া।
ভোরের আকাশ/সু.পা



