স্বাস্থ্য প্রশাসন

লাখ ছাড়ালো সন্দেহজনক হাম রোগীর সংখ্যা

ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২১১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৮৫১ জন। সোমবার (২৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে পরীক্ষায় ১৪১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে মোট ৮৩ হাজার ৮০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০ হাজার ১৯৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ২৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৩ জন। ফলে এই সময়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭১৬ জন।

ভোরের আকাশ/সু.পা