স্বাস্থ্য সেবা

নারীস্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় ‘আমরা নারী ও অরোরার’ সমঝোতা

ছবি: সংগৃহীত

নারীস্বাস্থ্য, জনস্বাস্থ্য সচেতনতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে যৌথভাবে কাজ করতে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ ও অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড। মঙ্গলবার (৭ জুলাই) রাজধানীর কাকরাইলে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে সই হয়।

হাসপাতালের পক্ষে পরিচালক (বিজনেস ডেভেলপমেন্ট) ডা. এন. সাজ্জাদ এবং ‘আমরা নারী’-এর পক্ষে নির্বাহী পরিচালক তানজির এইচ এম গাফফার সমঝোতা স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ‘আমরা নারী’-এর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অরোরা স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাসেবায় নির্ধারিত ছাড়, করপোরেট সুবিধা এবং অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা পাবেন।

এ ছাড়া নারীস্বাস্থ্য, ক্যানসার সচেতনতা, মাতৃস্বাস্থ্য, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা, মানসিক স্বাস্থ্য, সুস্থ জীবনধারা এবং জনস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, গবেষণা, সেমিনার ও কর্মশালা যৌথভাবে আয়োজন করবে দুই প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয়, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা, সচেতনতা এবং গবেষণাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য সামাজিক সংগঠন ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতালের কর্মকর্তা এবং ‘আমরা নারী’-এর প্রতিষ্ঠাতা, উপদেষ্টা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ‘আমরা নারী’ দীর্ঘদিন ধরে নারীস্বাস্থ্য, নিরাপদ খাদ্য, শিক্ষা, সংস্কৃতি, মানবাধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ করছে। অন্যদিকে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেড আধুনিক প্রযুক্তিনির্ভর বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে অরোরা স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন- ডেপুটি জেনারেল ম্যানেজার গোলাম রাকিব, ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মিরাজুল ইসলাম মিরাজ, বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আব্দুল্লাহ আল-মামুন, এক্সিকিউটিভ (কপোরেট মার্কেটিং) মো. রেজাউল হক (রিপন), এজিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) জাফর উল্লাহ আরও অনেকে।

'আমরা নারী'-এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন- সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম. এম. জাহিদুর রহমান (বিপ্লব), উপদেষ্টা জুয়েল চন্দ্র কুরি এবং সদস্য ড. সৈয়দা রুবাইদা কিবরিয়া।

ভোরের আকাশ/সু.পা

নারীস্বাস্থ্য উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় ‘আমরা নারী ও অরোরার’ সমঝোতা | স্বাস্থ্য কথা