স্বাস্থ্য প্রশাসন

মোড়েলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স

অনিয়ম, দুর্নীতির অভিযোগে ইউএইচএফপিও ডা. কামাল বরখাস্ত

ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. কামাল হোসেন মুফতিকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রমও শুরু হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের শৃঙ্খলা-২ শাখা থেকে সোমবার (২৭ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে হাসপাতালটিতে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, পরিত্যক্ত ভবনে ওষুধ সংরক্ষণ এবং শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার ঘটনা তার নজরে আসে। এসব কারণে হাসপাতালের চিকিৎসাসেবার মান ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারার বিধান অনুযায়ী অভিযোগের গুরুত্ব, দায়িত্ব থেকে বিরত রাখার প্রয়োজনীয়তা এবং তদন্তে প্রভাব বিস্তারের আশঙ্কা বিবেচনায় ডা. কামাল হোসেন মুফতিকে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শৌচাগারে স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসাসামগ্রী এবং পরিত্যক্ত ভবনে বিপুল পরিমাণ ওষুধ পড়ে থাকতে দেখে বিস্ময় প্রকাশ করেন। এছাড়া হাসপাতালটিতে প্রায় ২৯ লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অভিযোগও উঠে আসে।

স্থানীয় বাসিন্দা ও রোগীদের অভিযোগের ভিত্তিতে হাসপাতালসংলগ্ন ‘ফ্যামিলি হেলথ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি ক্লিনিকও পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সরকারি হাসপাতালের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার পরিবর্তে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ব্যক্তিগত ক্লিনিক পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। সেখানে বিভিন্ন রোগের পরীক্ষা-নিরীক্ষাও করা হতো বলে অভিযোগ রয়েছে।

পরে গত রোববার স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক শেখ মো. মোশাররফ হোসেন ক্লিনিকটি পরিদর্শন করে সিলগালা করেন। হাসপাতালের অব্যবস্থাপনা, অনিয়ম ও ব্যক্তিগত ক্লিনিক পরিচালনার অভিযোগের পরিপ্রেক্ষিতেই ডা. কামাল হোসেন মুফতির বিরুদ্ধে সাময়িক বরখাস্তসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা