চিকিৎসক

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করেছেন। বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ সম্মিলিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার (৭ জুন) সকাল ১১টা থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি নোটিশ এবং চিকিৎসকদের বিভিন্ন দাবি-দাওয়া ও অভিযোগের প্রতিবাদে এই আন্দোলন শুরু করা হয়েছে বলে জানান সংগঠনের নেতারা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ইতোমধ্যে বিক্ষোভ সমাবেশ করেছেন। সেখানে তাদের ছয় দফা দাবি তুলে ধরা হয়। এর আগে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) একটি নোটিশের মাধ্যমে তাদের একটি দাবির বিষয়ে আশ্বাস দিলেও বাকি দাবিগুলো বাস্তবায়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা। এতে চিকিৎসক ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

এ পরিস্থিতিতে সংগঠনটি নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে— দেশের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি, মেডিক্যাল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন বেলা ১১টার পর ক্লাস বর্জন এবং চলমান আন্দোলনে মিড-লেভেল চিকিৎসকদের অংশগ্রহণের আহ্বান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

রামেক হাসপাতালের ইন্টার্ন প্রতিনিধি ডা. তানভীর আহমেদ তৌকির বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কর্মবিরতি চলছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ বিষয়ে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস জানান, হাসপাতালে মোট ২৬২ জন ইন্টার্ন চিকিৎসক কর্মরত রয়েছেন এবং সকাল থেকেই তারা কর্মবিরতিতে অংশ নিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি | স্বাস্থ্য কথা