বিশেষ

রাস্তার অস্বাস্থ্যকর ফুচকা-চটপটি হতে পারে হেপাটাইটিসের কারণ

ছবি: সংগৃহীত

চটপটি আর ফুচকা মানেই অনেকের কাছে জিভে জল আনা মুখরোচক খাবার। তবে রাস্তার ধারের এই জনপ্রিয় খাবারের আড়ালে লুকিয়ে থাকতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। বিশেষজ্ঞদের মতে, অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি ও পরিবেশিত এসব খাবারে ক্ষতিকর জীবাণু ও ভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকে।

চিকিৎসকদের দাবি, অনিরাপদ পানি ব্যবহার, অপরিষ্কার হাত এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের কারণে এসব খাবারে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। এই ভাইরাসগুলো লিভারে প্রদাহ সৃষ্টি করে, যার ফলে জন্ডিস হতে পারে এবং গুরুতর ক্ষেত্রে লিভার বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হয়।

বিশেষ করে ফুচকার টক পানি এবং কাঁচা সালাদ জাতীয় উপাদানগুলো জীবাণু ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে কাজ করতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

রাস্তায় খোলা পরিবেশে থালাবাসন ধোয়া এবং খাবার পরিবেশনের প্রক্রিয়াও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন তারা। এ ধরনের অস্বাস্থ্যকর পরিস্থিতিতে তৈরি খাবার খেয়ে অনেকেই পেটের সমস্যা ও জন্ডিসে আক্রান্ত হচ্ছেন।

চিকিৎসকদের পরামর্শ, শুধু স্বাদের কারণে স্বাস্থ্যঝুঁকি নেওয়া উচিত নয়। লিভারসহ শরীরের সুরক্ষার জন্য রাস্তার খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা এবং ঘরে তৈরি পরিচ্ছন্ন খাবার গ্রহণ করা উত্তম।

ভোরের আকাশ/সু.পা

রাস্তার অস্বাস্থ্যকর ফুচকা-চটপটি হতে পারে হেপাটাইটিসের কারণ | স্বাস্থ্য কথা