শিশুর ক্ষুধা বাড়াতে করণীয়

ছবি: সংগৃহীত
শিশু খাবার খেতে না চাইলে বেশিরভাগ অভিভাবকই দুশ্চিন্তায় পড়েন। তবে বিশেষজ্ঞরা বলছেন, শিশুর অরুচি অনেক সময় সাময়িক ও স্বাভাবিক। সব ধরনের অরুচি কোনো রোগের লক্ষণ নয়। তাই প্রথমেই অরুচির কারণ খুঁজে বের করে ধীরে ধীরে সঠিক অভ্যাস গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, শিশুর খাবারে অরুচির অন্যতম সাধারণ কারণ হলো অনিয়মিত খাবারের সময়, অতিরিক্ত নাস্তা, চিপস, চকলেট ও কোমল পানীয়ের অভ্যাস, খাবারের সময় মোবাইল বা টিভি দেখা এবং জোর করে খাওয়ানোর প্রবণতা। এ ছাড়া দাঁত ওঠার সময়, সর্দি-কাশি বা জ্বরের পর, কৃমির সংক্রমণ, কোষ্ঠকাঠিন্য কিংবা ঘুমের সমস্যার কারণেও শিশুর খাবারে অনীহা দেখা দিতে পারে।
নির্দিষ্ট সময়ে খাবার দিন
শিশুর খাবারের সময় নির্দিষ্ট করা জরুরি। দিনে তিন বেলা প্রধান খাবার এবং দুই বেলা স্বাস্থ্যকর নাস্তার সময় নির্ধারণ করুন। এ সময়ের বাইরে বারবার খাবার, জুস বা মিষ্টিজাতীয় পানীয় দিলে শিশুর স্বাভাবিক ক্ষুধা কমে যেতে পারে।
প্রধান খাবারের আগে টিফিন নয়
মূল খাবারের আগে বিস্কুট, কেক বা অন্যান্য টিফিন খেলে শিশু পরে প্রধান খাবার খেতে চায় না। তাই খাবারের আগে এসব খাবার এড়িয়ে চলা উচিত।
খাওয়ার সময় স্ক্রিন থেকে দূরে রাখুন
খাবারের সময় টিভি, মোবাইল বা কার্টুন বন্ধ রাখুন। মনোযোগ দিয়ে খাবার খেলে শিশুর ক্ষুধা ও হজম—দুটিই ভালো থাকে। পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস শিশুর খাবারের প্রতি আগ্রহ বাড়ায়।
জোর করে খাওয়ানো নয়
জোর করে খাওয়ানো শিশুর মধ্যে খাবার নিয়ে ভয় বা বিরক্তি তৈরি করতে পারে। তাই অল্প পরিমাণে খাবার পরিবেশন করুন। খেতে না চাইলে জোর না করে কিছুক্ষণ পর আবার খাবার দিন। ক্ষুধা লাগলে অধিকাংশ শিশুই নিজে থেকে খেতে শুরু করে।
নাস্তা ও খাবারে আনুন বৈচিত্র্য
প্রতিদিন চিপস, বিস্কুট বা কেকের পরিবর্তে ফল, দই, সেদ্ধ ডিম, ভাজা ছোলা বা ঘরে তৈরি স্বাস্থ্যকর নাস্তা দিন। একইভাবে প্রতিদিন একই ধরনের খাবার না দিয়ে একই উপাদান বিভিন্নভাবে রান্না করে পরিবেশন করুন। খাবার আকর্ষণীয়ভাবে সাজিয়ে দিলে শিশুর আগ্রহ আরও বাড়তে পারে।
খেলাধুলা বাড়ায় ক্ষুধা
শিশুর নিয়মিত খেলাধুলা, দৌড়ঝাঁপ ও শারীরিক কর্মকাণ্ড নিশ্চিত করুন। বাইরে সময় কাটালে স্বাভাবিকভাবেই ক্ষুধা বাড়ে। বিপরীতে সারাদিন ঘরে বসে থাকা বা অতিরিক্ত স্ক্রিন টাইম ক্ষুধা কমিয়ে দিতে পারে।
কখন চিকিৎসকের কাছে যাবেন
অরুচির সঙ্গে যদি শিশুর ওজন না বাড়ে, অতিরিক্ত দুর্বলতা দেখা দেয়, বারবার অসুস্থ হয়, দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য বা পেটব্যথা থাকে, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে কৃমির চিকিৎসা, আয়রনের ঘাটতি বা অন্য কোনো স্বাস্থ্যসমস্যার চিকিৎসার প্রয়োজন হতে পারে।
ভোরের আকাশ/সু.পা



