পরামর্শ

স্ট্রোকের ঝুঁকি কমাতে প্রতিদিন কোন ব্যায়াম করবেন?

ছবি: সংগৃহীত

স্ট্রোক এখন আর শুধু বয়স্কদের রোগ নয়। অনিয়মিত জীবনযাপন, শারীরিক নিষ্ক্রিয়তা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কম বয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি। অনেক ক্ষেত্রে স্ট্রোক কেড়ে নিচ্ছে প্রাণ, আবার কেউ কেউ বরণ করছেন পক্ষাঘাতসহ দীর্ঘমেয়াদি শারীরিক অক্ষমতা। তবে নিয়মিত শরীরচর্চা ও স্বাস্থ্যকর জীবনযাপনের মাধ্যমে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রশ্ন হলো, স্ট্রোক প্রতিরোধে হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম নাকি যোগাসন—কোনটি সবচেয়ে বেশি কার্যকর?

চিকিৎসকদের মতে, স্ট্রোক বিশ্বব্যাপী মৃত্যু ও দীর্ঘমেয়াদি অক্ষমতার অন্যতম প্রধান কারণ। তবে বেশিরভাগ ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব। এর মধ্যে অন্যতম হলো নিয়মিত শারীরিক পরিশ্রম ও শরীরচর্চা। হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম ও যোগাসন—প্রতিটি পদ্ধতিরই রয়েছে আলাদা উপকারিতা।

হাঁটা
স্ট্রোকের ঝুঁকি কমাতে সবচেয়ে সহজ ও কার্যকর শরীরচর্চার একটি হলো দ্রুত হাঁটা। এ জন্য জিমে যাওয়ার প্রয়োজন নেই, এমনকি দামি কোনো সরঞ্জামও লাগে না। চিকিৎসকদের পরামর্শ, সপ্তাহে অন্তত পাঁচ দিন ৩০ মিনিট করে দ্রুত হাঁটার অভ্যাস গড়ে তোলা উচিত।

নিয়মিত হাঁটলে রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। তবে যারা দীর্ঘদিন শরীরচর্চা করেননি, তাদের শুরুতেই ৩০ মিনিট হাঁটার চেষ্টা করা উচিত নয়। বরং অল্প সময় দিয়ে শুরু করে ধীরে ধীরে হাঁটার সময় ও গতি বাড়ানো ভালো।

শক্তিবর্ধক ব্যায়াম
শুধু হাঁটলে শরীরের সব পেশির যথাযথ পরিচর্যা হয় না। এ কারণে সপ্তাহে অন্তত দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এ ধরনের ব্যায়ামের জন্য ভারী ওজন তোলার প্রয়োজন নেই। নিজের সামর্থ্য অনুযায়ী হালকা ওজন, রেজিস্ট্যান্স ব্যান্ড কিংবা শরীরের নিজস্ব ওজন ব্যবহার করেও ব্যায়াম করা যায়।

বিশেষ করে নারীদের ক্ষেত্রে রজোনিবৃত্তির পর পেশি ও হাড়ের ক্ষয় দ্রুত বাড়তে পারে। তাই এ সময়ে শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্ব আরও বেশি। পেশি সুস্থ ও শক্তিশালী থাকলে শরীরের ওজন এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাও সহজ হয়। আর এই দুটি বিষয়ই স্ট্রোকের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।

যোগাসন
শরীরের নমনীয়তা ও ভারসাম্য বজায় রাখার পাশাপাশি মানসিক চাপ কমাতেও কার্যকর যোগাসন। কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত যোগাসন করলে রক্তচাপ সামান্য কমতে পারে।

তবে যোগাসনকে হাঁটার বিকল্প হিসেবে দেখার পরামর্শ দেন না চিকিৎসকেরা। বরং হাঁটার পাশাপাশি যোগাসন করলে শরীরচর্চার রুটিন আরও ভারসাম্যপূর্ণ হয়। প্রতিদিন সকালে অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ যোগাসন ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করা যেতে পারে।

স্ট্রোক প্রতিরোধে কোনটি বেশি কার্যকর?
হাঁটা, শক্তিবর্ধক ব্যায়াম ও যোগাসন—তিনটির মধ্যে একটিকে আলাদাভাবে সবচেয়ে ভালো বলা কঠিন। কারণ প্রতিটি শরীরচর্চারই রয়েছে নিজস্ব উপকারিতা। তাই তিনটির সমন্বয়ে একটি নিয়মিত রুটিন তৈরি করাই হতে পারে ভালো উপায়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন দ্রুত হাঁটা, অন্তত দুই দিন শক্তিবর্ধক ব্যায়াম এবং প্রতিদিন কিছুক্ষণ যোগাসন করা যেতে পারে।

তবে শুধু শরীরচর্চা করলেই স্ট্রোকের ঝুঁকি পুরোপুরি দূর হয় না। এর পাশাপাশি রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা, খাবারে লবণের পরিমাণ কমানো এবং ধূমপান পরিহার করাও জরুরি। সুস্থ জীবনযাপনের এসব অভ্যাস একসঙ্গে মেনে চললে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ভোরের আকাশ/সু.পা