স্বাস্থ্য সেবা

স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ, বাস্তবায়ন সক্ষমতা নিয়ে শঙ্কা

ছবি: সংগৃহীত

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে কাঠামোগত দুর্বলতা, সমন্বয়হীনতা এবং বাস্তবায়ন সক্ষমতার সীমাবদ্ধতার কারণে এই বিশাল বরাদ্দ কার্যকরভাবে কাজে লাগানো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন স্বাস্থ্য ও অর্থনীতি বিশেষজ্ঞরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডা. রুমানা হক বলেন, স্বাস্থ্য খাতে জিডিপির এক শতাংশের বেশি বরাদ্দ দেওয়া নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। জনসংখ্যা বৃদ্ধি এবং সংক্রামক ও অসংক্রামক রোগের বাড়তি চাপ মোকাবিলায় এ ধরনের বরাদ্দ প্রয়োজন ছিল। ডায়ালাইসিস ফিল্টার ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম আমদানিতে কর ছাড়ের সিদ্ধান্তকেও তিনি স্বাগত জানান।

তিনি বলেন, ২০২৮ সালের মধ্যে ই-হেলথ কার্ড চালুর পরিকল্পনা থাকলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনও স্পষ্ট নয়। কারা এই সুবিধা পাবেন, কতদিন কার্যকর থাকবে এবং জাতীয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি বা ফ্যামিলি কার্ডের সঙ্গে কীভাবে সমন্বয় করা হবে—এসব বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। পাশাপাশি সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি স্বাস্থ্যসেবাও এর আওতায় আসবে কি না, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন।

স্বাস্থ্য খাতে এক লাখ জনবল নিয়োগের ঘোষণাকে ইতিবাচক উল্লেখ করে ডা. রুমানা হক বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক প্রভাবমুক্তভাবে যোগ্য জনবল নিয়োগ না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, অতীতে রাজস্ব ঘাটতির কারণে স্বাস্থ্য খাতের বরাদ্দ কমানোর নজির রয়েছে। পাশাপাশি উন্নয়ন বাজেটের বড় অংশ ব্যয় করতে না পারা, প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। ওষুধ শিল্পের মতো চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী শিল্পকে বিশেষ প্রণোদনা দেওয়া হলে বিদেশ নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

অন্যদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক সৈয়দ আবদুল হামিদ বলেন, সংশোধিত বাজেটের তুলনায় স্বাস্থ্য খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ হওয়ায় জিডিপিতে এ খাতের অংশ ০.৫৮ শতাংশ থেকে বেড়ে ১.০১ শতাংশে উন্নীত হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ নয়, জনগণ এর কতটা সুফল পাচ্ছে সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি বলেন, এবারের বাজেটে উন্নয়ন খাতে ২৭ হাজার ৮০০ কোটি টাকার বিশেষ ব্লক বরাদ্দ রাখা হয়েছে, যা সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সহায়ক হতে পারে। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ক্রয়সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক দুর্বলতা এবং সমন্বয়হীনতার কারণে উন্নয়ন বাজেটের উল্লেখযোগ্য অংশ সময়মতো ব্যয় করা সম্ভব হয়নি।

অধ্যাপক হামিদের মতে, কেবল অবকাঠামো নির্মাণ করলেই স্বাস্থ্যসেবার উন্নয়ন নিশ্চিত হয় না। হাসপাতাল নির্মাণের পাশাপাশি প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসক, প্রশিক্ষিত জনবল, আধুনিক যন্ত্রপাতি, ওষুধ সরবরাহ এবং কার্যকর ব্যবস্থাপনা। অনেক ক্ষেত্রে হাসপাতাল নির্মিত হলেও চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল না থাকায় জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে বাড়তি বরাদ্দের সুফল নিশ্চিত করতে হলে ই-হেলথ কার্ডের কার্যকর বাস্তবায়ন, ওষুধ ও ভ্যাকসিনের সহজলভ্যতা, দক্ষ জনবল নিয়োগ এবং সরকারি-বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। অন্যথায় বরাদ্দ বৃদ্ধি সত্ত্বেও সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।

ভোরের আকাশ/সু.পা