স্বাস্থ্য সেবা

২৪০০ রোগীকে দেবে আর্থিক সহায়তা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আইএফআরসির চিকিৎসা সরঞ্জাম প্রদান

ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং রোগীদের সেবার মান বাড়াতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে বিপুল পরিমাণ জরুরি চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম দিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে ২ হাজার ৪০০ রোগীকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা সামগ্রীর মধ্যে রয়েছে ১১ সেট ভেন্টিলেটর, ২৭ সেট নেবুলাইজার, ২৭ সেট অক্সিজেন ফ্লো মিটার এবং ১ লাখ পিস নরমাল স্যালাইন।

এছাড়া আইএফআরসির মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দেশের ২ হাজার ৪০০ রোগীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

অনুষ্ঠানে আইএফআরসি বাংলাদেশের হেড অব ডেলিগেশন আলবার্তো বোকানেগ্রা, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সোনাক্ষী দে এবং সিনিয়র ম্যানেজার (প্রোগ্রাম সাপোর্ট) রকিবুল আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম, এনডিসি এবং স্বাস্থ্য বিভাগের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. এস এম হুমায়ুন কবির।

চিকিৎসা সামগ্রী গ্রহণকালে আইএফআরসি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক এসব চিকিৎসা সরঞ্জাম দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে এবং সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে নরমাল স্যালাইন ও ভেন্টিলেটর মাঠপর্যায়ের চিকিৎসাসেবায় বড় অবদান রাখবে।

তিনি আরও বলেন, ২ হাজার ৪০০ রোগীকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ মানবিক সহায়তার একটি প্রশংসনীয় উদাহরণ।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্য মন্ত্রণালয়কে আইএফআরসির চিকিৎসা সরঞ্জাম প্রদান | স্বাস্থ্য কথা