স্বাস্থ্য প্রশাসন

স্বাস্থ্যখাত সংস্কারে সাবেক কমিশনের সুপারিশ বাস্তবায়নের স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছে কমিশনের সাবেক সদস্যদের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ডা. এ কে আজাদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে কমিশনের সাবেক সদস্যরা প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্যখাতে বাজেট বৃদ্ধির অনুরোধ জানান। প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা গেলে রোগের চাপ, চিকিৎসা ব্যয় এবং তৃতীয় পর্যায়ের হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের বিভিন্ন সুপারিশের সঙ্গে বিএনপির স্বাস্থ্যবিষয়ক ইশতেহারের উল্লেখযোগ্য মিল রয়েছে বলে প্রতিনিধি দল উল্লেখ করেছে। বিশেষ করে স্বাস্থ্যখাত সংস্কার, ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা, জবাবদিহিতা, চিকিৎসকদের নিরাপত্তা এবং সেবার মানোন্নয়নের বিষয়ে উভয়ের অবস্থানের মিল রয়েছে বলে তারা জানান।

দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, জবাবদিহিতা, নিরাপত্তা ও জনমুখী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সাবেক সদস্যরা। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে এসব গুরুত্বপূর্ণ সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে।

প্রতিনিধি দলে আরও ছিলেন সাবেক স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন, ড. মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ড. লিয়াকত আলী, এম এম রেজা এবং ডা. আজহারুল ইসলাম।

ভোরের আকাশ/সু.পা

স্বাস্থ্যখাত সংস্কারে সাবেক কমিশনের সুপারিশ বাস্তবায়নের স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস | স্বাস্থ্য কথা