স্বাস্থ্য সেবা

স্বাস্থ্যখাত উন্নয়নে ৩০০ এমপিকে দায়িত্ব দেওয়া হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। গত তিন মাসে দেশের বিভিন্ন এলাকার হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যখাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। হাসপাতালে ঘুরে সমস্যাগুলো কোথায় রয়েছে, তা জানার চেষ্টা করেছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতের সমস্যা সমাধানে দেশের প্রায় ৩০০ জন সংসদ সদস্যকে চিঠি দেওয়া হয়েছে এবং তাদের নির্দিষ্ট দায়িত্ব অর্পণ করা হয়েছে। এরই মধ্যে তারা দায়িত্ব পালন শুরু করেছেন। এমপিদের সম্পৃক্ততায় স্থানীয় অবকাঠামো ও সেবার মান বাড়বে।”

রোববার (১৪ জুন) রাজধানীর সিরডাপে স্বাস্থ্যখাতের বাজেট প্রতিক্রিয়া বিষয়ক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ হেলথ ওয়াচ ও সুইডেন সুভেরেইনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, অনেকেই এবারের বাজেটকে জনতুষ্টির বাজেট বললেও সরকার এটিকে জনআকাঙ্ক্ষার বাজেট হিসেবে দেখছে। তবে বাজেট বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ বলেও তিনি উল্লেখ করেন।

ড. মুহিত বলেন, “সরকার দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে অভ্যন্তরীণ জ্ঞান, দক্ষতা ও সম্পদ কাজে লাগাতে চায়। আমাদের নিজস্ব আর্থিক ও মেধাসম্পদ রয়েছে। এখন আর পরমুখাপেক্ষী থাকার প্রয়োজন নেই। অনুদাননির্ভর দেশ হিসেবে থাকারও প্রয়োজন দেখি না। আমাদের দীর্ঘ অভিজ্ঞতা ও সফলতার ইতিহাস রয়েছে, সেগুলো কাজে লাগাতে হবে।”

স্বাস্থ্যখাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, অধিকাংশ মানুষ মনে করেন হাসপাতালে গিয়ে তারা প্রত্যাশিত সেবা পান না। হাসপাতালে প্রবেশের আগেই অনেককে দালাল, প্রতারক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের খপ্পরে পড়তে হয়। এছাড়া আউটসোর্সিং ব্যবস্থাকে ঘিরেও এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

তিনি বলেন, “কে হাসপাতালের স্থায়ী কর্মী আর কে আউটসোর্সিংয়ের কর্মী—সেটি অনেক সময় সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের পক্ষেও বোঝা কঠিন। হাসপাতালে প্রবেশের পর থেকেই মানুষের হয়রানি শুরু হয়।”

জনবল সংকটের বিষয়টি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর উল্লেখযোগ্য ঘাটতি রয়েছে। “১০ জন থাকার কথা থাকলে পাওয়া যায় পাঁচজন, ২০ জন থাকার কথা থাকলে পাওয়া যায় ১০ জন। ফলে সাধারণ মানুষের মধ্যে সেবাব্যবস্থা নিয়ে হতাশা তৈরি হয়। আমরা এই অবস্থা থেকে উত্তরণ চাই,” বলেন তিনি।

এ ছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ওষুধ ও পরীক্ষার সুযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, মানুষ আশা করে চিকিৎসকের দেওয়া পাঁচটি ওষুধের মধ্যে অন্তত দুটি বিনামূল্যে পাবে এবং প্রয়োজনীয় পরীক্ষার একটি অংশ বিনামূল্যে করার সুযোগ পাবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রুমানা হক। তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জন্য ৬৯ হাজার ৪০১ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা জাতীয় বাজেটের প্রায় ৭ দশমিক ৪ শতাংশ এবং দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১ শতাংশ।

তিনি আরও বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে স্বাস্থ্যখাতে এটিই সর্বোচ্চ বাজেট বরাদ্দ। তবে অতীত অভিজ্ঞতা অনুযায়ী উন্নয়ন বাজেট বা এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাফল্য খুব বেশি আশাব্যঞ্জক নয়। তাই বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কার্যকর বাস্তবায়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।

ভোরের আকাশ/সু.পা