ছয় নবজাতকের মৃত্যু
তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন : সরকারী প্রতিবেদন আজ

ছবি: সংগৃহীত
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার (০২ জুন) তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে এটি জমা দেয়। তবে ওই প্রতিবেদনে কী আছে, তা নিশ্চিত করে জানা যায়নি। এদিকে আজ সরকার গঠিত তদন্ত কমিটিও তাদের প্রতিবেদন জমা দেবে।
আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের জনসংযোগ বিভাগ জানায়, ঘটনার পরপরই সরকারের পাশাপাশি তারাও ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সরকারের পক্ষ থেকে করা প্রতিবেদন এখনও প্রকাশিত না হওয়ায় আদ্-দ্বীন কর্তৃপক্ষও তাদের প্রতিবেদন সংবাদমাধ্যমকে জানাচ্ছে না। সরকারের গঠিত কমিটি প্রতিবেদন প্রকাশ করার পর আদ্-দ্বীন কর্তৃপক্ষ তাদের প্রতিবেদন প্রকাশ করবে।
যদিও এই প্রতিবেদন আরও দুই দিন আগে সংবাদ সম্মেলন করে প্রকাশের উদ্যোগ নিয়েছিল আদ্-দ্বীন কর্তৃপক্ষ, কিন্তু পরে তারা আর সেটি প্রকাশ করেনি। ওই দিন বিকালেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করে।
গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টায় ৬ নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর চারদিকে শোরগোল পড়ে যায়। পুলিশ, র্যাব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী নিজেও হাসপাতাল পরিদর্শন করে নানা অসংগতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। গত রোববার আইনি প্রক্রিয়ার বিষয় নিয়ে তিনি অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও আলোচনা করেন। ঘটনার পর এই বিষয়ে রমনা থানায় একটি মামলা দায়ের করেন মৃত এক নবজাতকের স্বজন।
এখনও অজানাই রয়ে গেছে ছয় নবজাতকের মৃত্যুর আসল কারণ। এর কারণ জানতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। মন্ত্রণালয়ের গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে মৃত্যুর কারণ অনুসন্ধান ও প্রতিকারে করণীয় নির্ধারণ করে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। কিন্তু তারা তিন দিনে প্রতিবেদন দিতে না পেরে ৩ জুন প্রতিবেদন দাখিলের জন্য সময় চেয়েছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত এই তদন্ত কমিটির প্রধান ও যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) মো. মহসীন বলেন, "বুধবার আমরা তদন্ত প্রতিবেদন জমা দেব।"
জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, "বুধবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে। তদন্তে আমরা কোনো প্রকার হস্তক্ষেপ করছি না। তারা তাদের মতো করেই তদন্ত করছে।" এর আগে বিভিন্ন সময়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ঘটনার পর থেকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো গাফিলতি থাকলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে এই ঘটনার আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অভিযোগ তুলে পোস্ট দিয়েছেন। ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার পরও আদ্-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীরা সাংবাদিকদের ওপর হামলা চালায়। যদিও হামলার পর তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমা চেয়েছে।
ভোরের আকাশ/সু.পা



