স্বাস্থ্য সেবা

ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করেন জনপ্রশাসন উপদেষ্টা

ছবি: সংগৃহীত

প্রতিবছর দেশে প্রায় ৫ হাজার শিশু জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত হয়। এসব শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি। শনিবার (১৮ জুলাই) সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জাবি উল্লাহ।

উদ্বোধন শেষে উপদেষ্টা বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার কাজ শুরু করেছে সরকার।

তিনি জানান, বিভাগীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সরকারি কর্মচারী হাসপাতালের সব কার্যক্রম পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইসমাইল জাবি উল্লাহ বলেন, জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত শিশুদের সময়মতো অস্ত্রোপচার নিশ্চিত করতে সরকার সমন্বিতভাবে কাজ করছে। বিনামূল্যে অস্ত্রোপচার কর্মসূচির উদ্বোধনের পর তিনি সরকারি কর্মচারী হাসপাতালের কল সেন্টারেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/সু.পা

ঠোঁটকাটা ও তালুকাটা শিশুদের ফ্রি চিকিৎসা কর্মসূচি উদ্বোধন করেন জনপ্রশাসন উপদেষ্টা | স্বাস্থ্য কথা