হরমুজ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত ইরানের

ইরান গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়ার প্রাক্কালে ইরানের পক্ষ থেকে এই কূটনৈতিক বার্তাটি এসেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের এক শীর্ষ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমিয়ে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নিলে মাত্র ৭ দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে প্রস্তুত রয়েছে তেহরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান—দুজনই নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।
ফেব্রুয়ারিতে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর এই প্রথম তারা একই অনুষ্ঠানে উপস্থিত হতে যাচ্ছেন। ইরানি ওই কর্মকর্তা বলেন, আলোচনা পুনরায় শুরু করার পূর্ণ ক্ষমতা ইরানের প্রতিনিধিদলের রয়েছে।
তবে দুই প্রেসিডেন্টের মধ্যে সরাসরি কোনো বৈঠকের পরিকল্পনা নেই। গত জুলাইয়ের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো বৈঠক হয়েছে বলে জানা যায়নি।
ওই সময় যুদ্ধ অবসানে একটি অন্তর্বর্তী চুক্তিতে ট্রাম্প ও পেজেশকিয়ান স্বাক্ষর করেছিলেন। তবে স্বাক্ষরের কয়েক সপ্তাহ পরই চুক্তিটি ভেঙে যায়।
ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রকে ঘোষণা দিতে হবে তারা কূটনৈতিকভাবে বিষয়টির সমাধান করতে চায়। বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে এবং এরপর প্রক্রিয়াটি কীভাবে এগিয়ে নেওয়া হবে, তার একটি সময়সীমায় সম্মত হতে হবে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিতে ফিরে আসার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ একটি সোনালি সুযোগ।
ইরানের ওই কর্মকর্তা আরও জানান, গত ১৬ সেপ্টেম্বর মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সর্বশেষ প্রস্তাব পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/আ.র