সিলেট টেস্টে ৪০০ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের, তাসকিনের সতর্কবার্তা

সিলেট টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে সংবাদ সম্মেলনে এসে প্রথম ইনিংসে ৪০০ রানের লক্ষ্য নির্ধারণের কথা জানিয়েছেন ক্যারিবীয় ব্যাটার কেভিন উইকম্যান।
উইকম্যান বলেন, ‘আমার মনে হয়, আমাদের লক্ষ্য হওয়া উচিত বড় সংগ্রহ গড়া। অন্তত ৩৫০ বা ৪০০-এর বেশি রান করতে পারলে ভালো হবে। উইকেট এখন যেভাবে আচরণ করছে, তাতে একবার ব্যাটিং করেই ভালো অবস্থানে যেতে চাই আমরা। এমন একটি জায়গায় পৌঁছাতে হবে, যেখান থেকে প্রতিপক্ষকে দুবার ব্যাট করানোর সুযোগ তৈরি হয়। কারণ, সময়ের সঙ্গে উইকেটের অবস্থা কিছুটা খারাপ হবে। তাই ৩৫০ বা তার বেশি রান তুলতে পারলে ম্যাচে জয়ের ভালো সুযোগ থাকবে।’
তবে উইকম্যানের এমন আত্মবিশ্বাসী মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। তাঁর মতে, অভিষেক টেস্টে ব্যাট হাতে রান পাওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত উইকম্যান। সে কারণেই হয়তো বড় সংগ্রহের কথা বলছেন তিনি।
তাসকিন বলেন, ‘ওর অভিষেক হয়েছে, ব্যাট হাতেও রান পেয়েছে। স্বাভাবিকভাবেই সে অনেক উচ্ছ্বসিত। এ কারণে হয়তো অনেক কথাই বলতে পারে। এটা নিয়ে ভাবনার কিছু নেই। ম্যাচ তো কেবল শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘কাল এমনও হতে পারে, তারা ৪৫০ রান করবে। আবার এক ঘণ্টার মধ্যে ৫০ রানেই অলআউট হয়ে যেতে পারে। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য। তাই নতুন একজন ক্রিকেটার হিসেবে ওর কথায় খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।’
ভোরের আকাশ/সু.পা