চিকিৎসক নেই, চিকিৎসাও নেই—বিপাকে আফগান নারীরা

৩৭ বছর বয়সী ফরিদা এক রাতে দাঁতের তীব্র ব্যথায় ঘুম থেকে জেগে ওঠেন। পরবর্তী কয়েক দিন ধরে ব্যথা ক্রমেই বাড়তে থাকে।
তিনি বলেন, ‘বহু বছর ধরেই আমার দাঁতের অবস্থা খারাপ ছিল। মুখের দুই পাশের পেছনের দাঁত ও মাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। রাতে ঘুমাতে পারতাম না, এমনকি ঠিকমতো খেতেও পারতাম না।’
চলতি বছরের শুরুর দিকে ইরান থেকে আফগানিস্তানে ফিরে পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে বসবাস শুরু করেন ফরিদা ও তার পরিবার।
জোরপূর্বক দেশে ফিরতে বাধ্য হওয়া অনেক অভিবাসীর মতো তারাও কাজ ও আয়ের সন্ধানে হিমশিম খাচ্ছেন। চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা করানোর সামর্থ্যও নেই। কিন্তু দাঁতের অসহ্য যন্ত্রণা আর সহ্য করতে না পেরে জুলাইয়ের শুরুর দিকে ফরিদা হেরাতের বকরাবাদ এলাকার একটি দন্ত চিকিৎসাকেন্দ্রে যেতে বাধ্য হন।
ফরিদা জানতেন, তার দাঁতের অবস্থা খুবই খারাপ।
পরীক্ষা করে চিকিৎসক জানান, কয়েকটি দাঁত তুলে সেখানে কৃত্রিম দাঁত বসাতে হবে। এ জন্য ক্লিনিক থেকে একটি চিকিৎসা পরিকল্পনা করা হয়। তাকে কয়েকবার ক্লিনিকে যেতে এবং পুরো খরচ আগেই দিতে বলা হয়।
কিন্তু তৃতীয়বার ক্লিনিকে যাওয়ার পর, যেদিন কৃত্রিম দাঁত বসানোর কথা ছিল, সেদিন তাকে জানানো হয়, আপাতত চিকিৎসা করা সম্ভব নয়। পরে ডেকে নেওয়া হবে।
ফরিদা বাড়ি ফিরে গেলেও ঠিকমতো খেতে পারছিলেন না। দুই দিন পর ক্লিনিকে ফোন করলে তাকে জানানো হয়, তার চিকিৎসা আর করা সম্ভব নয়।
ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ‘পুণ্য প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়’ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে পুরুষ দন্তচিকিৎসকরা নারী রোগীদের চিকিৎসা করতে পারবেন না। পরিস্থিতি বদলালে তাকে জানানো হবে। কিন্তু তিন মাস পেরিয়ে গেলেও ফরিদার চিকিৎসা অসম্পূর্ণ রয়ে গেছে।
‘দ্য গার্ডিয়ান’ ও ‘জান টাইমস’-এর প্রতিবেদন এবং নারী ও চিকিৎসকদের সাক্ষাৎকার অনুযায়ী, পুরুষ দন্তচিকিৎসকদের নারী রোগীদের চিকিৎসা করার ওপর আনুষ্ঠানিক কোনো সরকারি নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়নি। তবে কার্যত সারা দেশেই এমন নিষেধাজ্ঞা চালু হয়েছে বলে মনে হচ্ছে।
দন্তচিকিৎসকদের অভিযোগ, তালেবানের নিরাপত্তা বাহিনী বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে এই নির্দেশ কার্যকর করছে। পাশাপাশি পুরুষ চিকিৎসকদের সতর্ক করে বলা হচ্ছে, ক্লিনিকে কোনো নারী রোগী পাওয়া গেলে কারাদণ্ড দেওয়া হবে।
তালেবান অধিকাংশ প্রদেশে পুরুষ চিকিৎসকদের নারী রোগীদের পরীক্ষা ও চিকিৎসা করতে নিষেধ করেছে। এমনকি জরুরি চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে এই নিষেধাজ্ঞা। তবে নারী রোগীর সঙ্গে পুরুষ অভিভাবক (মাহরাম) থাকলে কিছু ক্ষেত্রে চিকিৎসার অনুমতি দেওয়া হচ্ছে।
উত্তর আফগানিস্তানের একটি সরকারি হাসপাতালে ১৫ বছর ধরে কর্মরত শল্যচিকিৎসক সামিম বলেন, ‘আমরা নারী রোগীদের পরীক্ষা করতে পারি না, কারণ আমরা তাদের মাহরাম নই। রোগীর অবস্থা যতই সংকটাপন্ন হোক, এ নিয়মের ব্যতিক্রম নেই।’
এদিকে বলখ প্রদেশে নারী রোগীদের আসল নামে ডাকার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। গত মে মাসে হাসপাতাল ও ক্লিনিকগুলোকে চিকিৎসাপত্রসহ সব ক্ষেত্রে নারীদের নামের পরিবর্তে ‘বিবি’ ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
কুনার প্রদেশের বাসিন্দা রহিমা জানান, তার এক বয়স্ক আত্মীয়কে দাঁতের চিকিৎসার জন্য কয়েক’শ মাইল দূরে কান্দাহারে যেতে হয়েছিল। সেখানে তার ছেলের একটি ডেন্টাল ক্লিনিক ছিল। ওই নারীর স্বামী মনে করতেন, কুনারের চিকিৎসকেরা তাকে চেনেন বলে অন্য কোনো পুরুষ দন্তচিকিৎসকের কাছে গেলে তা তার জন্য বিব্রতকর হবে।
নারীদের চিকিৎসাসেবা পাওয়ার ওপর কড়াকড়ির পাশাপাশি চিকিৎসক হওয়ার সুযোগও বন্ধ করেছে তালেবান। ২০২৪ সালের ডিসেম্বর থেকে নারীদের চিকিৎসাশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা নিষিদ্ধ করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য, নারী কর্মী নিয়োগেও নিষেধাজ্ঞা রয়েছে।
কর্মরত নারী চিকিৎসকদের সঙ্গে পুরুষ অভিভাবক (মাহরাম) রাখার শর্ত দেওয়া হয়েছে। এক নারী রোগী জানান, বাবার সঙ্গে হাসপাতালে গিয়েও নারী কর্মী না থাকায় তাকে পুরুষ চিকিৎসকের পরামর্শ নিতে অপেক্ষা করতে হয়েছে। কারণ নারী রোগীকে স্পর্শ করার অনুমতি নেই পুরুষ চিকিৎসকদের।
তালেবানের বিধিনিষেধের কারণে আফগান নারীদের সামনে এখন তিনটি পথ, ঝুঁকি নিয়ে চিকিৎসা নেওয়া, অদক্ষ নারী স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়া অথবা অসুস্থতা নিয়েই জীবন কাটানো।
এক নারী রোগী ‘দ্য গার্ডিয়ান’ ও ‘জান টাইমস’-কে বলেন, ‘যে শহরে একজন নারী চিকিৎসকও নেই, সেখানে এত বিধিনিষেধ কীভাবে আরোপ করা যায়? তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্য নেই।’
অন্যদিকে নারী রোগীদের চিকিৎসায় পুরুষ চিকিৎসকদের বাধা দেওয়া হবে না বলে তালেবান ঘোষণা দিলেও বাস্তবে তা মানা হচ্ছে না। এক ডেন্টাল ক্লিনিকের সহকারী নার্গিস জানান, পুরুষ চিকিৎসক নারী রোগীর চিকিৎসা করার সময় বাইরে একজনকে রেখে তালেবান কর্মকর্তাদের গতিবিধি নজরে রাখা হয়। এমনকি অভিযানের সময় বাঁচতে চিকিৎসক মজা করে ক্লিনিকে বোরকা রাখার কথাও বলেন।
ভোরের আকাশ/ এনউব