রাশিয়ার ১২টি এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া

রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক ১২টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান হাতে পেয়েছে আফ্রিকার দেশ ইথিওপিয়া। একই সঙ্গে রাশিয়ার তৈরি অত্যাধুনিক চারটি এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার পরিকল্পনার কথাও নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ।
বুধবার (২৮ অক্টোবর) মস্কোয় চলমান রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী জানান, চুক্তির নির্ধারিত সময়ের এক বছর আগেই যুদ্ধবিমানগুলো সরবরাহ করেছে মস্কো। সময়সীমার আগেই দ্রুত এ সামরিক সরঞ্জাম হস্তান্তর নিশ্চিত করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানান তিনি।
আবি আহমেদ বলেন, নতুন এসব যুদ্ধবিমান ইথিওপিয়ার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে এবং দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো আগ্রাসন প্রতিহত করতে ভূমিকা রাখবে।
অপর এক বার্তায় তিনি নিশ্চিত করেন, হস্তান্তরিত যুদ্ধবিমানগুলো এরই মধ্যে মোতায়েন করা হয়েছে এবং দেশের আকাশসীমা সুরক্ষায় দায়িত্ব পালন শুরু করেছে।
তবে শত্রুপক্ষের যুদ্ধবিমান ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম আলোচিত এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কবে নাগাদ দেশটির হাতে পৌঁছাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি তিনি।
ইথিওপিয়া ও রাশিয়ার মধ্যকার ক্রমবর্ধমান কৌশলগত সামরিক সম্পর্কের ক্ষেত্রে এ সরবরাহ একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০২১ সালের জুলাই মাসে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সই হয়, যার আওতায় ইথিওপীয় বাহিনীর প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে মস্কো। চলতি বছরের জানুয়ারিতে ইথিওপীয় বিমানবাহিনীর ৯০ বছর পূর্তি অনুষ্ঠানে রাশিয়ার তৈরি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমানও প্রদর্শন করা হয়েছিল।
ভোরের আকাশ/ইউএম