বিশ্বকাপ থেকে গ্রুপপর্বেই সৌদির বিদায়, ফেডারেশনের সভাপতির পদত্যাগ

২০২৬ বিশ্বকাপে গ্রুপপর্বের বাধা পেরোতে না পারার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।
বার্তায় আল-মিসেহাল বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে উঠতে না পারা জাতীয় দলের জন্য যেমন হতাশাজনক, তেমনি দেশের ফুটবলপ্রেমীদের প্রত্যাশারও অনেক নিচে। তিনি লেখেন, “এই ফলাফল আমাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।”
ব্যর্থতার পূর্ণ দায় স্বীকার করে তিনি আরও বলেন, জাতীয় দলকে আরও ভালো অবস্থানে দেখতে চাওয়া সবাইকে তিনি দুঃখ প্রকাশ করছেন। দায়িত্ববোধ থেকেই নতুন নেতৃত্বের জন্য পথ করে দিতে বর্তমান মেয়াদের আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
টানা সাত বছর সৌদি আরব ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেন আল-মিসেহাল। ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জনে সৌদি আরবের সফল প্রচেষ্টায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। তবে এবারের বিশ্বকাপের মাত্র দুই মাস আগে হার্ভে রেনারের পরিবর্তে জর্জিওস ডনিসকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দলটির প্রস্তুতিতে নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে মনে করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে দেশের ফুটবলের উন্নয়নে বিপুল বিনিয়োগ করেছে সৌদি সরকার। সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়রসহ বিশ্বের বহু তারকা ফুটবলারকে খেলাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হয়েছে। তবে সেই বিনিয়োগের প্রতিফলন জাতীয় দলের পারফরম্যান্সে দেখা যায়নি।
এবারের বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে শেষ ম্যাচ পর্যন্ত নকআউট পর্বে ওঠার সুযোগ ছিল সৌদি আরবের সামনে। স্পেনের কাছে হার এবং উরুগুয়ের সঙ্গে ড্র করার পর শেষ ম্যাচে কেপ ভার্দেকে হারানোই ছিল তাদের একমাত্র লক্ষ্য। কিন্তু গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচের ফলে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করে সৌদি আরব। এক পয়েন্ট বেশি নিয়েও গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে।
ভোরের আকাশ/সু.পা