জিম্বাবুয়েকে ৮৪ রানে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

জিম্বাবুয়েকে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের ওডিআই সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ১২ বছর পর জিম্বাবুয়ের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে এসে প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করল অজিরা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩৫৬ রানের পাহাড় গড়ে সফরকারীরা। জবাবে জিম্বাবুয়ে ৪৮.৩ ওভারে ২৭২ রানে অলআউট হয়ে যায়।
জিম্বাবুয়ের কোনো ব্যাটারই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বেশ কয়েকটি মাঝারি মানের ইনিংস এলেও অজি বোলারদের সামলে কারো ব্যাটেই আসেনি অর্ধশতক। সর্বোচ্চ ৪৫ রান এসেছে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাটে। ব্রেন্ডন টেইলর করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান। ৩৮ রান করেন ক্রেইগ আরভিন। ৩৪ ও ৩০ রান করেন ইনোসেন্ট কাইয়া ও বেন কারান।
অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সমান দুটি করে উইকেট পেয়েছেন হ্যাজেলউড, কনোলি, রেনশ ও জাম্পা। সমান একটি করে নাথান এলিস ও অলিভার পিক। ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।
এর আগে, প্রথম ম্যাচে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরা ট্রাভিস হেড দ্বিতীয় ম্যাচে দেখান নিজের চিরচেনা রূপ। সেঞ্চুরি হাঁকিয়ে তুলোধুনো করেন স্বাগতিক বোলারদের। তার ব্যাটে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে অজিরা দাঁড় করায় ৬ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হারারেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু তার সিদ্ধান্ত চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়াকে। ১৫ চার ও ৩ ছক্কায় ৮৪ বলে ১১২ রান করেছেন হেড। অর্ধশতক করেছেন অধিনায়ক মিচেল মার্শ ও কপার কনোলি।
উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। সেই জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা ৫৩ রানে থাকা অজি অধিনায়ক মিচেল মার্শকে বোল্ড করে। তবে সেঞ্চুরি আদায় করে নেন ট্রাভিস হেড। বেধড়ক পেটান জিম্বাবুয়ের বোলারদের। ১৩৩ স্ট্রাইক রেটে ১১২ রান করেন তিনি আউট হওয়ার আগে। ওয়েসলি মাধেভেরের বলে তিনি আউট হলে দলীয় ১৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।
নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ২১ রান করা জশ ইংলিশকে ফেরান মাসাকাদজা। ২২৯ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২০ রানের বেশি করতে পারেননি অ্যালেক্স ক্যারি। ব্র্যাড ইভান্সের বলে আউট হয়েছেন বেন কারানকে ক্যাচ দিয়ে। তার বিদায়ে চতুর্থ উইকেট হারায় অজিরা ২৮৬ রানে।
হেডের পর বড় ইনিংস খেলার সুযোগ তৈরি হওয়া কপার কনোলি অবশ্য থেমেছেন ৭৮ রানে ব্র্যাড ইভান্সের বলে ব্রেন্ডন টেইলরকে ক্যাচ দিয়ে। ২৯৭ রানে ৫ উইকেট হারানো অজিরা শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে।
শেষদিকে সেটি সম্ভব হয়েছে অলিভার পিকের ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে। দুটি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গে দিয়ে ৬ রানে অপরাজিত ছিলেন নাথান এলিসও।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। দুটি ওয়েলিংটন মাসাকাদজা ও একটি ওয়েসলি মাধেভেরে।
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে আগামী ২০ সেপ্টেম্বর।