দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী করণীয় নির্ধারণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফর ঘিরে প্রস্তুতিমূলক বিভিন্ন বিষয় বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
এছাড়া বৈঠকে ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য বেগম সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার।
ভোরের আকাশ/আ.র