আফগানিস্তান টেস্টের আগে বাংলাদেশের জন্য সুখবর

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সুখবর হলো—অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং আসন্ন টেস্ট ম্যাচে তার খেলার ব্যাপারে পুরোপুরি আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আবুধাবিতে ৯ অক্টোবর শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট। শুরুতে শান্তর দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে না যাওয়ায় তার টেস্ট খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
এশিয়ান গেমস অভিযান থেকে জ্বরের কারণে ছিটকে যান শান্ত। পরে সতীর্থরা আগেভাগে সংযুক্ত আরব আমিরাতে চলে গেলেও তিনি তাদের সঙ্গে যেতে পারেননি। তবে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে টেস্টে শান্তকে পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। সবকিছু পরিকল্পনামতো চললে ৬ অক্টোবর তার আমিরাতের উদ্দেশে রওনা দেওয়ার কথা।
জাপানে বাংলাদেশ দল পৌঁছানোর পর থেকেই শান্ত জ্বরে ভুগছিলেন। চার দিন পরও জ্বর না কমায় তাকে দেশে ফিরতে হয়। তার কম মাত্রার জ্বরের কারণ জানতে বিসিবির পক্ষ থেকে পরীক্ষা করানো হয়। তাতে সংক্রমণ ধরা পড়ে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় তার ফল নেগেটিভ আসে।
ক্রিকবাজকে হাবিবুল বাশার বলেন, ‘আমি আশাবাদী যে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে সে খেলতে পারবে।’
তিনি আরও বলেন, ‘এখনও তাকে বাদ দেওয়া হয়নি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে। এমন জ্বর হলে শরীর দুর্বল হয়ে পড়ে। জাপানে সে হোটেলেই আটকে ছিল। বাইরে যেতে না পারায় হোটেলে খাবার খেতেও তার সমস্যা হচ্ছিল। তবে এখন সে ভালো বোধ করছে এবং সার্বিকভাবে ভালো অবস্থায় আছে।’
আফগানিস্তান ও বাংলাদেশের একমাত্র টেস্টটি ৯ থেকে ১৩ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এরপর এই দুই দলকে নিয়ে জিম্বাবুয়েসহ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অংশ নেবে তারা। ১৭ থেকে ২৩ অক্টোবর হবে এই সিরিজ।
ভোরের আকাশ/আ.র