অপ্টার ইতিহাসে অনন্য কেপ ভার্দে, ম্যাচজুড়ে ১ ফাউল

স্পেনের বিপক্ষে ম্যাচের আগে অনেকেই কেপ ভার্দের জন্য বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করেছিলেন। তবে সব পূর্বাভাস ভুল প্রমাণ করে চলতি বিশ্বকাপের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকার দেশটি। বিশ্বকাপের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কেপ ভার্দে।
শুধু ফলই নয়, ম্যাচজুড়ে তাদের শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্সও নজর কেড়েছে ফুটবল বিশ্বে। এর সবচেয়ে বড় প্রমাণ ফাউলের পরিসংখ্যানে। পুরো ম্যাচে মাত্র একটি ফাউল করেছে কেপ ভার্দে, যা বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে কোনো দলের সর্বনিম্ন ফাউলের নতুন রেকর্ড।
ম্যাচের প্রথমার্ধে সিডনি লোপেস ক্যাবরাল কেপ ভার্দের একমাত্র ফাউলটি করেন। ওই ফাউলের জন্য তিনি হলুদ কার্ডও দেখেন। এরপর পুরো ম্যাচে আর কোনো ফাউল করেননি তার সতীর্থরা।
ক্রীড়াভিত্তিক তথ্য ও পরিসংখ্যান বিশ্লেষণে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অপ্টা (Opta) জানিয়েছে, ১৯৬৬ সাল থেকে সংরক্ষিত বিশ্বকাপের পরিসংখ্যান অনুযায়ী এক ম্যাচে মাত্র একটি ফাউল করার নজির আগে কখনো দেখা যায়নি।
অপ্টার তথ্য অনুযায়ী, এর আগে বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে কম ফাউলের রেকর্ড ছিল চারটি। সেই রেকর্ড গড়েছিল তুরস্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-০ গোলের পরাজয়ের ম্যাচে তারা চারটি ফাউল করেছিল।
স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে রক্ষণাত্মক দৃঢ়তা, শৃঙ্খলা এবং কৌশলগত ফুটবল প্রদর্শন করে কেপ ভার্দে এখন বিশ্বকাপের অন্যতম আলোচিত দলে পরিণত হয়েছে। গোলশূন্য ড্রয়ের পাশাপাশি এক ফাউলের বিশ্বরেকর্ডও তাদের অর্জনকে আরও স্মরণীয় করে তুলেছে।
ভোরের আকাশ/সু.পা