এটি আমার শেষ বিশ্বকাপ, তবে অবসরের সিদ্ধান্ত এখনই নয় : রোনালদো

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলেই ফিফার সবচেয়ে বড় আসরকে বিদায় জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বিশ্বকাপ অধ্যায় শেষ হলেও আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসরের ঘোষণা দিচ্ছেন না তিনি। স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায়ের পর হতাশা প্রকাশের পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে ধীরে-সুস্থে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন এই তারকা।
স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শেষ হয় পর্তুগালের। ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় মিকেল মেরিনোর গোলে পরাজয় বরণ করে রোনালদোর দল। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রোনালদো বলেন, ম্যাচের ভাগ্য যেকোনো দিকে যেতে পারত এবং স্পেনের জয়ে ভাগ্যেরও কিছুটা ভূমিকা ছিল।
তিনি বলেন, ‘এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে খুবই খারাপ লাগছে। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। সাধ্যমতো চেষ্টা করেছি এবং বিবেকের কাছে আমি পরিষ্কার। হ্যাঁ, এটি আমার শেষ বিশ্বকাপ। এখন কিছুটা সময় নিয়ে ভাবার সুযোগ থাকবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। তবে কোনো সিদ্ধান্তই তাড়াহুড়ো করে নেব না।’
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর প্রসঙ্গে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিতে চান না। তার ভাষায়, ‘আমি আবেগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিই না। বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নেওয়া হতাশাজনক। তবে আমরা মাথা উঁচু করেই মাঠ ছেড়েছি।’
জাতীয় দলের হয়ে নিজের অর্জন নিয়েও গর্ব প্রকাশ করেন রোনালদো। ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি। জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। আমার কাছে সেই শিরোপার মূল্য একটি বিশ্বকাপ জয়ের সমান।’
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা নিয়েও কথা বলেন পর্তুগিজ অধিনায়ক। তিনি বলেন, ‘বড় কোনো টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া সব সময়ই কষ্টের। এটি বিশ্বকাপ, তাই কষ্টটা আরও বেশি। আমার মনে হয় দল সঠিক ছন্দে ছিল এবং আমরা ভালো খেলেছি। ম্যাচটি যেকোনো দিকে যেতে পারত। কিন্তু ফুটবল এমনই। এখন আমাদের আবার ঘুরে দাঁড়িয়ে সামনে এগিয়ে যেতে হবে।’
ভোরের আকাশ/সু.পা