বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি টেস্ট খেলতে চাই : শান্ত

বাংলাদেশ দল সবশেষ ১০ দিনে দুটি টেস্ট ম্যাচ খেলেছে, জয় এসেছেআর দুটিতেই। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে টেস্ট সিরিজে ধবলধোলাই করেছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। ঐতিহাসিক এই সাফল্যের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শান্ত বলেন, ‘এই জায়গাটাতে আমাদের আরও কিছুটা উন্নতির দরকার আছে। বড় দলগুলো হয়তো এমন পরিস্থিতিতে আরও শান্ত থাকে। তবে আমরা আগের চেয়ে উন্নতি করেছি। অধিনায়ক হিসেবে এটা আমাকে আনন্দ দেয়। আর সামগ্রিকভাবে ১০ দিনের মধ্যে দুটি টেস্ট ম্যাচ জেতা অবশ্যই গর্বের বিষয়।’
ভবিষ্যতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো বড় দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার আগ্রহও প্রকাশ করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারতের মতো দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে—দুই জায়গাতেই আরও বেশি টেস্ট খেলতে চাই। কারণ আমরা যত বেশি ম্যাচ খেলব, তত নতুন অভিজ্ঞতা হবে, আর সেখান থেকেই দল ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠবে।’
আইসিসির কাছে বেশি টেস্ট ম্যাচ আয়োজনের প্রত্যাশাও জানান শান্ত। তার ভাষায়, ‘আশা করি আইসিসি আমাদের সব দলের বিপক্ষে আরও বেশি টেস্ট খেলার সুযোগ দেবে। এখন আমরা আগের চেয়ে বেশি ম্যাচ খেলছি, এটা ইতিবাচক। তবে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলতে পারলে সেটা দলের জন্য আরও ভালো হবে।’
দলের পেসারদেরও আলাদা করে প্রশংসা করেছেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘এই গরমে এবং ফ্ল্যাট উইকেটে আমাদের ফাস্ট বোলাররা দারুণ করেছে। আমরা সবসময় এমন উন্নতি দেখতে চেয়েছি। ব্যাটিংয়েও ভালো পার্টনারশিপ হচ্ছে, টেলএন্ডাররাও অবদান রাখছে। এসব জায়গায় আমরা উন্নতি করেছি এবং আশা করি ধারাবাহিকতাও ধরে রাখতে পারব।’
ভোরের আকাশ/সু.পা