ইনফান্তিনোর পুনর্নির্বাচনে সমর্থন নেই ওয়েলস ফুটবল সংস্থা

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ২০২৭-২০৩১ মেয়াদের পুনর্নির্বাচনের প্রার্থিতার প্রতি দেওয়া সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করেছে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস। ফিফার বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ঘিরে এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিশ্বকাপের সম্প্রচার ও বাণিজ্যিক স্বত্ব পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করেছিল ফিফা। সেই প্রতিষ্ঠানের প্রায় ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির।
তবে ফিফার এই পরিকল্পনার বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও অংশীদারদের তীব্র আপত্তি ওঠে। শেষ পর্যন্ত বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাতিল করতে বাধ্য হয় ফিফা। পরিকল্পনা বাতিলের পর প্রথম জাতীয় ফুটবল সংস্থা হিসেবে ওয়েলস জানিয়ে দেয়, তারা আর ইনফান্তিনোর নেতৃত্বকে সমর্থন করছে না।
এক বিবৃতিতে ওয়েলশ ফুটবল সংস্থা জানায়, সুশাসনের ঘাটতি, দুর্বল নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা এবং অংশীদারদের সঙ্গে কার্যকর যোগাযোগের অভাবের কারণে তারা ফিফা সভাপতির প্রতি আস্থা হারিয়েছে। সংস্থাটি আরও জানায়, ফুটবলের মূল স্বার্থ রক্ষা করতে না পারা বর্তমান নেতৃত্বের বড় ব্যর্থতা।
এদিকে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফও ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। উয়েফা ইতোমধ্যে প্রয়োজনীয় তথ্য ও নথি সংরক্ষণের জন্য সদস্যদের নির্দেশনা দিয়েছে।
২০১৬ সালে সেপ ব্লাটারের পর ফিফার দায়িত্ব নেন জিয়ান্নি ইনফান্তিনো। আগামী বছরের মার্চে মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা কংগ্রেসে চতুর্থ মেয়াদের জন্য নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর আগে তিনবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এবার শুরু হওয়া বিতর্ক ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথকে কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
ভোরের আকাশ/সু.পা