সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ভারতের কাছে হারল বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে এসে হার মানল বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে লাল-সবুজের কিশোরীরা।
শুক্রবার (২২ আগস্ট) ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভারতের হয়ে গোল দুটি করেন পার্ল ফার্নান্দেস ও বোনিফিলিয়া শুল্লাই।
ম্যাচের ১৪ মিনিটে পার্ল ফার্নান্দেসের জোরালো শটে এগিয়ে যায় ভারত। বাংলাদেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে বদলি খেলোয়াড় বোনিফিলিয়া শুল্লাই ভারতের দ্বিতীয় গোলটি করেন।
প্রথমার্ধে বাংলাদেশ হাই-লাইন ডিফেন্সে খেললেও ভারতের ধারাবাহিক আক্রমণ সামলাতে গিয়ে বারবার বিপদে পড়ে। গোলরক্ষক ইয়ারজান ও রক্ষণভাগের ভুলে প্রথম গোল হজম করতে হয়। দ্বিতীয়ার্ধে খেলোয়াড় পরিবর্তনের পরও অর্পিতা বিশ্বাসের দল উল্লেখযোগ্য আক্রমণ গড়ে তুলতে ব্যর্থ হয়।
ম্যাচ শেষে বাংলাদেশের কোচ মাহবুবুর রহমান বলেন, “প্রতিপক্ষের খেলার মান আমাদের চেয়ে অনেক ভালো ছিল। আমাদের কিছু ভুল হয়েছে, যা ঠিক করার চেষ্টা করবো পরের ম্যাচে।”
বাংলাদেশ টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক ভুটানকে ৩-১ গোলে হারিয়েছিল। অন্যদিকে ভারত নেপালকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে। আজকের জয় দিয়ে তারা সেই ধারাবাহিকতা ধরে রাখল।
বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে আগামী ২৪ আগস্ট নেপালের মুখোমুখি হবে।
ভোরের আকাশ/হ.র