আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস

স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক দিন ১০ নভেম্বর। আজ (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে রাজধানীর গুলিস্তানে পুলিশের গুলিতে শহীদ হন নূর হোসেন। বুকে ‘স্বৈরাচার নিপাত যাক’ এবং পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে রাজপথে নেমেছিলেন তিনি। তার আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আজও স্মরণীয় হয়ে আছে।
ঢাকার নারিন্দায় এক অটোরিকশাচালকের ঘরে জন্ম নেওয়া নূর হোসেন অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন। পরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমে আসেন এই তরুণ।

১৯৮৭ সালের ১০ নভেম্বর তৎকালীন এরশাদ সরকারের বিরুদ্ধে ১৫ দল, ৭ দল ও ৫ দলের সচিবালয় ঘেরাও এবং অবস্থান ধর্মঘট কর্মসূচি ছিল। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ছাত্র-জনতা ও গণতন্ত্রকামী মানুষ অংশ নেন। রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্ট এলাকায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই শহীদ হন নূর হোসেন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান নূরুল হুদা বাবুল।
নূর হোসেনের আত্মত্যাগ সারা দেশের গণতন্ত্রকামী মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তার মৃত্যুর পর স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও জোরালো হয়ে ওঠে। ধারাবাহিক আন্দোলন ও ছাত্র-জনতার প্রতিরোধের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদ। এর মধ্য দিয়ে অবসান ঘটে প্রায় নয় বছরের স্বৈরশাসনের।

এর আগে ১৯৮৭ সালের ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। পরের বছর ৩ মার্চ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন বিরোধী দলগুলোর বড় অংশ বর্জন করায় তা রাজনৈতিক বৈধতা পায়নি। পরে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি।
নূর হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে ‘শহীদ নূর হোসেন চত্বর’ বা ‘শহীদ নূর হোসেন স্কয়ার’। প্রতিবছর ১০ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। এদিন চত্বরে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি জুরাইন কবরস্থানেও তার সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
অন্যদিকে, জাতীয় পার্টি দিনটিকে ‘গণতন্ত্র দিবস’ হিসেবে পালন করে। ১৯৮৬ সালের ১০ নভেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সামরিক আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে দলটি প্রতিবছর দিবসটি পালন করে আসছে।
ভোরের আকাশ/জেআ