কোটি ভক্তের প্রিয় বাদশাহ, গৌরীর কাছে নীরব শাহরুখ!

পর্দায় কোটি ভক্তের হৃদয় জয় করলেও নিজের বাড়িতে নাকি চলে না শাহরুখ খানের কথার জোর। মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সাজসজ্জা, খাবার কিংবা আসবাবপত্র—সবকিছুতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেন স্ত্রী গৌরী খান। সম্প্রতি এমন মজার অভিজ্ঞতার কথাই জানিয়েছেন বলিউডের এই সুপারস্টার।
সম্প্রতি দুবাইয়ের এক অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করেন অভিনেতা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাতা করণ জোহর। সেখানে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কোনো কাজ আছে কি না, যা করার অনুমতি তার নেই।
জবাবে হাসতে হাসতে শাহরুখ বলেন, বাড়ি পুরোপুরি গৌরীর এলাকা। ওয়াইফাই, খাবার, দেয়ালের রং, সাজসজ্জা, আলো, ঝাড়বাতি, লিফট কিংবা আসবাবপত্র -কোনো কিছু নিয়েই নিজের মতামত দেওয়ার সুযোগ নেই তার। এমনকি বিছানায় বসে খাওয়ার অনুমতিও নেই।
শাহরুখের ভাষায়, বাড়ির ভেতরে গৌরীর পছন্দ ও সিদ্ধান্তই চূড়ান্ত। সন্তান আরিয়ান ও সুহানার অবস্থাও একই। তারা সবাই চুপচাপ বাড়িতে বসে থাকেন আর গৌরীকে বলেন, ‘তুমি কী সুন্দর বাড়ি বানিয়েছ!’
অভিনেতা আরও মজা করে বলেন, বাড়ির বাইরে তিনি, আরিয়ান ও সুহানা নিজেদের মতো স্বাধীনভাবে আনন্দ করেন। কিন্তু বাড়ির ভেতরে তাদের কোনো কথাই চলে না। দুবাইয়ের নতুন পেন্টহাউজেও একই অবস্থা। সেখানেও গৌরীর প্রশংসা করেই সন্তুষ্ট থাকতে হয় তাকে।
শাহরুখের এমন কথায় অনুষ্ঠানে হাসির রোল পড়ে যায়। পর্দার দাপুটে নায়কের ঘরোয়া জীবনের এই মজার দিকটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়ে।
অনুষ্ঠানে করণ জোহর শাহরুখকে আরও প্রশ্ন করেন, ব্যবসা, বক্স অফিস নাকি স্ত্রী- কাকে বেশি ভয় পান তিনি? উত্তরে নিজের আসন্ন সিনেমা ‘কিং’-এর সংলাপ শুনিয়ে দর্শকদের মাতিয়ে দেন অভিনেতা।
শাহরুখ জানান, নিজের একটি বাড়ি তার কাছে সব সময়ই বিশেষ স্বপ্নের মতো ছিল। এমনকি এখনো নতুন কোনো শহর ভালো লাগলে সেখানে বাড়ি কেনার কথা ভাবেন তিনি। বিষয়টি নিয়ে ছেলেমেয়েরাও তাকে মজা করে বলে, প্রতিটি শহরে তো আর বাড়ি কেনা সম্ভব নয়।
অনুষ্ঠানে স্ত্রী গৌরীকে নিয়ে নিজের ভাগ্যবান হওয়ার কথাও বলেন অভিনেতা। শাহরুখের ভাষায়, ‘আমি ভাগ্যবান। গৌরীকে বিয়ে করার আগ পর্যন্ত আমার নিজের কোনো বাড়ি ছিল না।’
শাহরুখ আরও জানান, গৌরীর সঙ্গে প্রথম যে বাড়িটি কিনেছিলেন, সেটিও তাদের সামর্থ্যের বাইরে ছিল। একইভাবে মুম্বাইয়ের আলোচিত বাড়ি মান্নাত কেনার সময়ও আর্থিক সামর্থ্যের সীমাবদ্ধতা ছিল। তবু স্বপ্ন পূরণের জন্য সাহস করে এগিয়েছিলেন তারা।
যারা নিজের স্বপ্নের বাড়ি কেনার স্বপ্ন দেখেন, তাদের উদ্দেশে শাহরুখ বলেন, মন থেকে স্বপ্ন দেখার পাশাপাশি সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখতে হবে। নিজের ওপরও আস্থা রাখতে হবে। তাহলেই একদিন স্বপ্নের বাড়ি পাওয়া সম্ভব।
অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সিনেমা ‘রইস’ ও ‘ওম শান্তি ওম’-এর সংলাপ শুনিয়ে দর্শকদের আনন্দ দেন শাহরুখ। পাশাপাশি আসন্ন সিনেমা ‘কিং’-এর ‘তু মিল যায়ে’ গানের তালে নাচতেও দেখা যায় তাকে।
দীর্ঘ তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন ও অভিষেক বচ্চনসহ আরও অনেকে।
ভোরের আকাশ/জেআ