রাস্তা-ফুটপাত দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির অভিযান

রাজধানীর রাজারবাগে রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ দখলমুক্তকরণ, এলাকা পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এ সময় নির্মাণাধীন একটি ভবনে পানি জমে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজারবাগের মোমিনবাগ গলিতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
অভিযানকালে রাস্তা ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করা হয়। একই সঙ্গে এলাকার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি নির্মাণাধীন ভবনের গ্রাউন্ড ফ্লোরে পানি জমে থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবন মালিক ও সংশ্লিষ্টদের জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক করা হয়।
পরিদর্শন শেষে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, নির্মাণাধীন ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
তিনি একই সঙ্গে রাস্তা, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখল করে কোনো ধরনের স্থাপনা বা প্রতিবন্ধকতা তৈরি না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ডিএসসিসি জানিয়েছে, জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ