সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর বনানীতে সেতু ভবনের গার্ড রুম লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বিস্ফোরণে গার্ড রুমের কাঁচ ভেঙে গেছে।
এ সময় ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (৭ নভেম্বর) রাত প্রায় ১০টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সেতু ভবনের গার্ড রুমের সামনে একটি ককটেল নিক্ষেপ করলে সেটি বিস্ফোরিত হয়।
খবর পেয়ে বনানী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ সংগ্রহ করে। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। সেটি নিষ্ক্রিয় করতে পুলিশের প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
শনিবার দিবাগত রাতে বনানী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, রাত ১০টা ২০ মিনিটের দিকে সেতু ভবনের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলেও জানান তিনি।
ভোরের আকাশ/ইউএম