মিরপুরে সড়ক-ফুটপাত দখলমুক্তে ডিএনসিসির অভিযান

রাজধানীর মিরপুর-১ নম্বর শাহআলী মার্কেট থেকে মিরপুর-২ নম্বরের সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা থেকে শুরু হওয়া এ মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতের উভয় পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অনুমোদন ছাড়া স্থাপন করা বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইনও অপসারণ করা হয়। উচ্ছেদ করা দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ডিএনসিসি কর্তৃপক্ষ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা মহানগর আনসার পশ্চিম জোন কমান্ডারের নির্দেশে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন)-এর বিভিন্ন পদবির ৩০ সদস্য মাঠপর্যায়ে মোতায়েন ছিলেন। থানা আনসার-ভিডিপি কর্মকর্তা (মিরপুর)-এর উপস্থিতিতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।
প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা এ অভিযান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়।
অভিযানের ফলে দীর্ঘদিন ধরে সাধারণ পথচারীদের ভোগান্তির কারণ হয়ে থাকা ফুটপাতগুলো অনেকটাই দখলমুক্ত হয়েছে। জনভোগান্তি রোধ, জনসাধারণের নিরাপত্তা ও কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে সংশ্লিষ্টরা জানান।
ভোরের আকাশ/জেআ