কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোছা. আলেয়া বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে আদমজী সোনা মিয়া মার্কেটের আজমেরী হোটেল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলেয়া বেগম খুলনার খালিশপুর থানার বড় বয়রা গ্রামের মৃত ইব্রাহিম সরদারের স্ত্রী। তিনি সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় কালাম সাহেবের মেয়ের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সড়ক পারাপারের সময় ঢাকা মেট্রো-ট-১৫-৩৭৫১ নম্বরের একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হন আলেয়া বেগম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ও পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ এবং হেলপার মো. মনির হোসেনকে (৪০) আটক করে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক মো. উদয় (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। কাভার্ডভ্যানটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ভোরের আকাশ/সু.পা