রাজনীতিতে ধর্মের ব্যবহার ঠিক না: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে রাজনীতিতে ধর্মের ব্যবহার করা মোটেও ঠিক নয়। তিনি বলেন, আমাদের দেশে হিন্দু, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করেন। এমতাবস্থায় রাজনীতিতে ধর্মকে টেনে আনলে তা পক্ষপাতিত্বের সৃষ্টি করতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী গণসংযোগ ও পথসভায় তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ১৫ বছর মামলা আর পুলিশের তাড়ায় ছিলাম। এমন কেউ নেই বিএনপির যে মামলা হয়নি। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছে। ঠাকুরগাঁওয়ে দিয়েছে সাড়ে ৭ হাজার। অনেক কষ্ট হয়েছে, টাকা খরচ হয়েছে। হাসিনা পালানোর পর মামলা তুলে নেওয়া হয়েছে। আওয়ামী লীগ যা করেছে তা আমাদের দলের কেউ করবে না।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির পার্থক্য হলো—বিএনপি পরীক্ষীত দল। আমাদেরকে আপনারা সবাই চেনেন। ক্ষমতায় এলে মায়েদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কার্ড দিয়ে ন্যাযমূল্যে চাল-ডাল, আটা পাবেন। হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন। সন্তানদের শিক্ষায় ভূমিকা রাখতে পারবেন। কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে। সার-বিষ ন্যায্যমূল্যে পাওয়া যাবে।
এ সময় দলটির নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/এসএইচ