এনসিপির সুবর্ণচর উপজেলা কমিটি ছাড়লেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নোয়াখালীর সুবর্ণচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার দিদারুল আলম। কমিটি অনুমোদনের চার ঘণ্টার মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এনসিপির নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক কাজী মাঈন উদ্দীন তানভীর ও সদস্য সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরে ২৩ সদস্যের কমিটিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটি অনুমোদনের পর রাত ১১টা ২৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দেন খন্দকার দিদারুল আলম।
তার দাবি, কমিটি গঠনের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করায় এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে খন্দকার দিদারুল আলম লেখেন, ‘এনসিপি থেকে পদত্যাগ করলাম। আজ থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
ভোরের আকাশ/জেআ