চা শ্রমিকদের ৬ দফা দাবিতে এমপিকে স্মারকলিপি

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাটের ২৩টি চা-বাগানের শ্রমিকরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ভূমি এবং জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় রক্ষায় ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন।
বুধবার দুপুরে মাধবপুরে সংসদ সদস্যের পরিদর্শন কার্যালয়ে গিয়ে চা শ্রমিকদের একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি হস্তান্তর করে। স্মারকলিপি গ্রহণের পর সংসদ সদস্য চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
ব্রিটিশ শাসনামলে ভারতের বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম ও ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চল থেকে এই অঞ্চলের চা-বাগানগুলোতে শ্রমিক হিসেবে এসেছিলেন বর্তমান চা শ্রমিকদের পূর্বপুরুষেরা। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এ দেশের চা উৎপাদনের প্রধান চালিকাশক্তি এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অবদান রেখে চলেছেন। তবে দীর্ঘ সময় পার হলেও তারা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও জাতিসত্তার স্বতন্ত্র পরিচয় হারিয়ে যাওয়ার চরম আশঙ্কায় ভুগছেন। এই অস্তিত্ব সংকটের মুখে নিজেদের অধিকার সুরক্ষায় তারা এই স্মারকলিপি দিয়েছেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে উত্থাপিত চা শ্রমিকদের ৬টি প্রধান দাবির মধ্যে রয়েছে—নিজস্ব ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি, ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ভূমির অধিকার প্রতিষ্ঠা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সংশ্লিষ্ট গেজেট সংশোধন।
স্মারকলিপি গ্রহণ করে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বলেন, চা শ্রমিকরা যাতে তাদের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বাংলাদেশে সমান সুযোগে সুনাগরিক হিসেবে জীবনযাপন করতে পারেন, সেজন্য তিনি ইতিমধ্যে জাতীয় সংসদেও তাদের অধিকার নিয়ে কথা বলেছেন। তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতিতে চা শ্রমিকদের অবদান অনস্বীকার্য। তাই তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে।
ভোরের আকাশ/ এনউব