পাথরঘাটায় যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য, অরাজকতা ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বরগুনার পাথরঘাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে পাথরঘাটা উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি পাথরঘাটা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয়তাবাদী দল বিএনপির পাথরঘাটা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পাথরঘাটা শহর।
সমাবেশে পাথরঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন রানা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল ও পৌর যুবদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ।
সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন রানা বলেন, “আজকের পর থেকে পাথরঘাটায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম চলতে দেওয়া হবে না। কেউ যদি পাথরঘাটার শান্তিপূর্ণ পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করে, মানুষের জানমালের ক্ষতি কিংবা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তাহলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। শান্তিপ্রিয় পাথরঘাটাকে অশান্ত করার কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।”
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আল বকর মেছাল বলেন, “পাথরঘাটার মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে চায়। কোনো ব্যক্তি বা সংগঠন যদি সেই পরিবেশ বিনষ্ট করার চেষ্টা করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনগণের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা সতর্ক থাকবে।”
পৌর যুবদলের আহ্বায়ক সোহানুর রহমান সোহাগ বলেন, “পাথরঘাটায় কোনো ধরনের অরাজকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতে দেওয়া হবে না। যারা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। পাথরঘাটার মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য।”
সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ ইউএম