গাইবান্ধায় পরিত্যক্ত ফ্লাওয়ার মিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকা থেকে লাইজু মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার ফাঁসিতলা এলাকার পরিত্যক্ত ওই ফ্লাওয়ার মিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লাইজু মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের ফেলুকাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পরিত্যক্ত ফ্লাওয়ার মিল এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবকের মৃত্যুর কারণ জানা যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ভোরের আকাশ/জেআ