গাইবান্ধায় বৌভাতের আয়োজনের গরু চোরাই সন্দেহে বাবা গ্রেপ্তার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছেলের বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি চোরাই বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে জবাই করা গরুটিই চুরি হওয়া গরু কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বকশিচর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে শুক্রবার রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন শনিবার ছেলের বৌভাত উপলক্ষে বাড়িতে আত্মীয়-স্বজন ও অতিথিদের জন্য খাবারের আয়োজন করেন রফিকুল ইসলাম। এ সময় একটি গরু জবাই করা হয়।
এরপর জবাই করা গরুটি চুরি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পূর্ব মাস্তা গ্রামের শহিদুল ইসলাম দাবি করেন, শুক্রবার ভোররাতে তার গোয়ালঘর থেকে একটি গরু চুরি যায়। পরে বৌভাতের অনুষ্ঠানে জবাই করা গরুটি দেখে তিনি সেটিকে নিজের চুরি যাওয়া গরু বলে দাবি করেন।
এ ঘটনায় শহিদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, 'গরুটি চুরি করা কি না, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'
এদিকে, ছেলের বৌভাতকে ঘিরে যে বাড়িতে ছিল উৎসবের আমেজ, চোরাই গরুর অভিযোগে সেই আয়োজনই এখন এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
ভোরের আকাশ/ এনউব