রূপগঞ্জে নৌকা বাইচে মুখর শীতলক্ষ্যা, দুই তীরে লাখো মানুষের ঢল

‘মাদককে না বলুন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অনুষ্ঠিত হয়েছে জমজমাট নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘ ১৫ বছর পর কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে নেমেছিল লাখো মানুষের ঢল। ঢাক-ঢোল, বাঁশি আর বৈঠার ছন্দে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে শীতলক্ষ্যা নদীর শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছোট-বড় ২৫টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ‘মামা-ভাগিনা’ নৌকা প্রথম, ‘শেখ খোকন’ দ্বিতীয় এবং ‘বুলেট’ নৌকা তৃতীয় স্থান অর্জন করে।
নৌকা বাইচ দেখতে সকাল থেকেই নদীর দুই তীরে ভিড় জমাতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। কেউ নদীর তীরে দাঁড়িয়ে, আবার কেউ শত শত নৌকা ও ট্রলারে করে নদীতে ভেসে এ প্রতিযোগিতা উপভোগ করেন। নারী, পুরুষ, শিশু ও কিশোরদের উপস্থিতিতে শীতলক্ষ্যার দুই পাড় পরিণত হয় মিলনমেলায়।
দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় দীঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকা তৈরিতেও কয়েকদিন ধরে ব্যস্ত সময় পার করেন কারিগররা।
নৌকা বাইচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন বিতরণ করা হয়।
আয়োজক ও স্থানীয়রা বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ বিনোদনের বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।
ভোরের আকাশ/ এনউব