মুকসুদপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসের ধাক্কায় রিপন বেপারী (৪০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন বেপারী উপজেলার গেড়াখোলা গ্রামের রোবত বেপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাইসাইকেলে করে মুকসুদপুরের দিকে যাচ্ছিলেন রিপন বেপারী। এ সময় বিপরীত দিক থেকে আসা গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ মামুন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ভোরের আকাশ/জেআ