বরিশাল জেলা জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত

আগামী ১৮ জুলাই বরিশালে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে বরিশাল লঞ্চঘাট এলাকায় জেলা জামায়াতে আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা মোহাম্মদ আবদুল জব্বারের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন ও নুরুল হক সোহরাব, জেলা ইউনিট সদস্য মো. আব্দুস সালাম, মুজাহিদুল ইসলাম ইউসুফ, আসাদুজ্জামান সবুজ, সাইফুল ইসলাম সাইফী, ইসলামী ছাত্রশিবির বরিশাল জেলা সভাপতি মো. আবু সাঈদ, সাবেক জেলা সভাপতি হাফেজ মো. সানাউল্লাহসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের হাতে সমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশের উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরে সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান।
জেলা জামায়াত সূত্রে জানা যায়, আগামী ১৮ জুলাই দুপুর ২টায় বরিশালের হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ডা. অলি আহমদ বীর বিক্রমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
ভোরের আকাশ/ইউএম