সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মানিকগঞ্জের সিংগাইরে বীর মুক্তিযোদ্ধা সামসুল হক স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয় ও ধল্লা শিশু কাননে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম।
মরহুম আজিমউদ্দিন (মেম্বার) স্মৃতি সংঘ ও স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিংগাইর (সাস)-এর আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহাসচিব ও কর কমিশনার মাসুম বিল্লাহ সানি, অ্যাডভোকেট আতাউর রহমান এবং আমিনুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি ও পড়াশোনায় উৎসাহিত করতে এ মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন মো. রুহুল আমিন মিয়া। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো. আতাউর রহমান। এ সময় শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, উপজেলার ৪০টি কিন্ডারগার্টেন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১৮৮ জন এবং ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৪০ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয় বেলা ১১টা ৪০ মিনিটে।
পরীক্ষায় উত্তীর্ণ পঞ্চম শ্রেণির ২৫ জন এবং অষ্টম শ্রেণির ২৫ জনসহ মোট ৫০ জন শিক্ষার্থীকে মেধা বৃত্তি প্রদান করা হবে।
ভোরের আকাশ/ইউএম